রকস্টার মুডে ধোনি!

স্থগিত হয়ে যাওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) আগামী ১৯ সেপ্টেম্বর থেকে পুনরায় শুরু হবে। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য আকর্ষণীয় এই লিগ শুরুর আগে ইন্টারনেটে যেন ঝড় তুললেন ধোনি। কয়েক দিন আগেই হেয়ার কাট করিয়ে নতুন লুকে সামনে এসেছিলেন এমএস ধোনি। কয়েক দিন যেতে না যেতেই ফের আরও এক নতুন লুকে দেখা গেল সাবেক ভারত অধিনায়ককে। রকস্টার মুডে ধোনির ছবি সামনে আসতেই হইচই পড়ে যায়।

চেন্নাই সুপার কিংস (সিএসকে) অধিনায়ককে রকস্টার মেজাজে দেখার জন্য ভক্তদের আগ্রহের অন্ত নেই। তবে ধোনি হঠাৎ করে নিজের চেহারায় রকস্টার মেজাজের আমদানি করেছেন, এমনটা নয়। মরুদেশে আইপিএলের আগেই দর্শকদের মধ্যে প্রতিযোগিতাকে ঘিরে উৎসাহ বাড়াতে সম্প্রচারকারী সংস্থার পক্ষ থেকে দামামা বাজিয়ে দেওয়া হলো। এর ফলেই ধোনিকে তুলে ধরা হয়েছে নতুন রূপে।

এবারের আইপিএল শুরু হওয়ার আগেও একটি বিজ্ঞাপন বানিয়েছিল সম্প্রচারকারী সংস্থা।

যেখানে মহেন্দ্র সিং ধোনিকে দেখা গিয়েছিল ন্যাড়া মাথায় বৌদ্ধ সন্ন্যাসীর রূপ। এবার তেমনই স্টার স্পোর্টসের পক্ষ থেকে মাহির রকস্টার রূপ সামনে আনা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। বৌদ্ধ সন্ন্যাসির বেশে ধোনির স্নিগ্ধ লুক ইন্টারনেটে রীতিমত ঝড় তলে দিয়েছিল।

এবারও স্বাভাবিকভাবেই ধোনির নতুন লুক তার অনুরাগীদের মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। রকস্টার মুডে ধোনিকে এই ছবিতে দেখা যাচ্ছে আকর্ষণীয় লুকে। কেতাদুরস্ত ফক্স-হক হেয়ারকাটেই ধরা দেন তিনি। সোনালি রঙয়ের হাইলাইট চুলকে করেছে আরও আকর্ষণীয়। আর ধোনির পরনে তারা ছাপ দেওয়া গ্লজি জ্যাকেট ও হাতে সোনালি ব্রেসলেটের সঙ্গেই বালা।

ধোনির এই লুক তার ভক্তদের মনে ঝড় তুলে দিয়েছে। প্রচুর পরিমাণে শেয়ার হয়েছে এই ছবি। ধোনির নতুন লুক ইতোমধ্যেই ভাইরাল হয়েছে।