রাজধানীতে লেগুনা উল্টে গৃহবধুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর জয়কালী মন্দির সংলগ্ন রাস্তায় আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লেগে লেগুনা উল্টে সুমাইয়া আক্তার (১৯) নামে এক গৃহবধু মারা গেছেন। বুধবার (১৬ জুন) দুপুর দেড়টার দিকে এই ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক বেলা আড়াইটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের ইনচার্জ বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতের স্বামী শাকিল বলেন, স্ত্রীকে নিয়ে লেগুনায় জুরাইন থেকে গুলিস্তান যাচ্ছিলাম। পথে ওয়ারীর জয়কালী মন্দির ও বলদা গার্ডেন সংলগ্ন এলাকায় হঠাৎ আইল্যান্ডের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে আমার স্ত্রীসহ কয়েকজন যাত্রী আহত হন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সুমাইয়াকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, আমাদের গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার নয়নাবাদ গ্রামে। বর্তমানে গেন্ডারিয়ার ঘুণ্টিঘর এলাকায় থাকি।