রাজধানীতে স্ত্রীকে কুপিয়ে জখম করেছে স্বামী

নিজস্ব প্রতিবেদকঃ পারিবারিক কলহের জের ধরে রাজধানীর মহাখালীর সাততলা বস্তির খ্রিস্টান পাড়া এলাকায় কল্পনা (৩০) নামে স্ত্রীকে কুপিয়ে জখম করেছে তার স্বামী আল-মামুন। বর্তমানে আহত কল্পনা ঢামেকের ২০৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

বরিবার (২০ জুন) দিবাগত রাত ৩ টার দিকে ঘটে এ ঘটনা। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সাড়ে চারটার দিকে তাকে নিয়ে আসা হয়।

বনানী থানার পুলিশের উপ-পরিদর্শক আহসান হাবিব জানান, আমরা ৯৯৯-এ ফোন পেয়ে মহাখালী সাততলা বস্তির খ্রিস্টান পাড়া এলাকায় গিয়ে তাকে উদ্ধার করি। পার্শ্ববর্তী লোকজনের মুখে জানতে পারি, স্বামী আল- মামুন কথা কাটাকাটির একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তার শরীরের বিভিন্ন জায়গায় কুপিয়ে জখম করে। ঘটনার পরপরই ওই নারীর স্বামী পালিয়ে যায়। কল্পনা একটি পোশাক কারখানার শ্রমিক হিসেবে কর্মরত।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, ‘বনানীর সাততলা বস্তি এলাকা থেকে কুপিয়ে জখম করা একজন রোগী এসেছে। তিনি ২০৪ নম্বর ওয়ার্ডে ভর্তি রয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।’