রাজশাহীতে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে এক শিক্ষার্থীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : রাজশাহীর ঐতিহ্যবাহী শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহ মাঠের পাশের পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে রাতুল ইসলাম (১৩) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার দুপুর ২টার দিকে এই ঘটনা ঘটে। রাতুল নগরীর হোসনীগঞ্জ এলাকার লাভলু ইসলামের ছেলে। সে লোকনাথ স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

রাতুলের স্বজনরা জানায়, রাতুলসহ তার কয়েকজন বন্ধু শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহ মাঠের পাশের পুকুরে দুপুরে গোসল করতে নামে। একপর্যায়ে রাতুলকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে ফায়ার সার্ভিসের ডুবুরিরা দুপুর ২টার দিকে রাতুলকে উদ্ধার করে।

রাজশাহী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার ফরহাদ হোসেন জানান, রাতুলকে উদ্ধারের পর দ্রুত রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রসঙ্গত, গত ১৮ সেপ্টেম্বর শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহ মাঠের ওই পুকুরে ডুবে কামাল হোসেন (৭০) নামের এক কাঠমিস্ত্রির মৃত্যু হয়। তিনি ওইদিন দুপুরে গোসল করতে নেমে পানিতে ডুবে যান। পরে তার লাশ উদ্ধার করা হয়।