মোঃ জয়নাল আবেদীন রুহিয়া থানা ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় পুকুরে গোসল করতে গিয়ে রিফাত ও কাউসার নামে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (১২ অক্টোবর) দুপুরে উপজেলার কাশিপুর ইউনিয়নের চিকনমাটি গ্রামে বাড়ির পাশের পুকুরে গোসল করতে গিয়ে এই মর্মান্তিক মৃত্যুর ঘটনাটি ঘটেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন রানীশংকৈল থানা পরিদর্শক (ওসি) এসএম জাহিদ ইকবাল এবং স্থানীয় ইউপি সদস্য বাবলুর রহমান।
পানিতে ডুবে নিহত রিফাত চিকনমাটি গ্রামের সাহাব উদ্দিনের ছেলে ও কাউসার সাহাব উদ্দিনের ভাই সাবলুর ছেলে। মৃত একজনের বয়স সাড়ে ৩ বছর এবং অপরজনের বয়স ৪ বছর।
শিশু দুইটির পারিবারিক সূত্রে জানা যায়, কিছুদিন আগে ওই গ্রামের সাহাব উদ্দিন ও তার ভাই সাবলুর ছেলে তাদের দাদার সঙ্গে বাসা থেকে কিছু দূরে একটি পুকুরে গোসল করতে যায়। সেখান থেকে তারা গোসল শেষে বাসায় ফিরে যায়।
সে দিনের মত শিশুরা আজ মঙ্গলবার সকালে কাউকে না জানিয়ে সেই পুকুরে গোসল করতে যায়। দুপুরের দিকে শিশু দুটির এক চাচাতো দাদা পুকুরের পানিতে একজনের মরদেহ ভাসমান অবস্থায় দেখতে পায়। পরে অনেক খোঁজাখুঁজির পরে ওই পুকুরেই আরেকজনের মরদেহ উদ্ধার করা হয়।


