বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ভাস্কর্যের ওপর রাতের অন্ধকারে যে হামলা হয়েছে তা কাপুরুষোচিত হামলা। এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
রোববার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যলয়ে জেলা আইনশৃঙ্খলা রক্ষা কমিটির বিশেষ আলোচনা সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
যারা হামলা করেছে তারা বেশ কিছুদিন ধরেই এ দেশে ধর্মের নাম করে বিভিন্ন সময় ভুল ব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করে সরকারের বিরুদ্ধে লেলিয়ে দেওয়ার চেষ্টা করেছে বলে মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, তাদের মূললক্ষ্য ধর্ম নয়, তারা একাত্তরের পরাজয়ের শক্তি। আজ আপনারা দেখুন সেই হেফাজত ইসলাম, খেলাফত মজলিস ধর্মভিত্তিক দলগুলো আছে প্রত্যেকটি দলের শীর্ষ পর্যায়ের নেতা, তারা হয়তো নিজেরা রাজাকার ছিলেন, না হয় রাজাকার পরিবারের সন্তান। যারা একাত্তরের স্বাধীনতা মানতে পারেনি, এখন পর্যন্ত স্বাধীনতা, মুক্তিযুদ্ধের যে মূল চেতনা আমাদের সংবিধান কোনটাই মানতে চায় না। তারা সবগুলোকে এড়িয়ে যেতে চায় অস্বীকার করে। আজ তাদের দ্বারাই বঙ্গবন্ধুর ভাস্কর্যের ওপর হামলা হয়েছে। বঙ্গবন্ধুর ভাস্কর্যের ওপর হামলা মানে দেশের উপর হামলা, বাংলাদেশের ওপর হামলা, এটা সংবিধানের ওপর হামলা।
হানিফ বলেন, এ হামলার সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে সরকার ইতিমধ্যে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে।


