রামগঞ্জের ইউএনও মুনতাসির জাহানের গোপনীয়তার সঙ্গে ত্রান বিতরন

নিজস্ব প্রতিবেদকঃ মহামারি করোনার এ সংকটকালে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনতাসির জাহানের ‘মমতার পরশ’ (খাদ্যসামগ্রীর প্যাকেট) অত্যান্ত গোপনীয়তার সঙ্গে পৌঁছে যাচ্ছে মধ্যবিত্ত পরিবারের ঘরে ঘরে।
রোববার (১২ এপ্রিল) রাত ৮টার দিকে উপজেলার ভাদুর ইউনিয়নসহ বিভিন্ন ইউনিয়নে শিক্ষকদের মাধ্যমে প্রায় দুই শতাধিক পরিবারের মধ্যে চাল-ডাল-লবন-তেল-আলু ও সাবানসহ খাদ্যসামগ্রীর প্যাকেট ‘মমতার পরশ’ পৌঁছে দেন ইউনিএনও।
করোনা ভাইরাস সংক্রমনে দেশের চলমান এ পরিস্থিতিতে মধ্যবিত্ত পরিবারের চরম দুর্দিন যাচ্ছে। তারা কারও কাছে হাত পাতাতে পারেন না; আবার ত্রাণের জন্য লজ্জায় লাইনেও দাঁড়ান না। এমন পরিস্থিতিতে তাদের দুঃখে-কষ্টে দিন যাচ্ছে। ওইসব পরিবারের কথা বিবেচনা করে শিক্ষকদের মাধ্যমে গোপনীয়তার মধ্যে তালিকা করে মধ্যবিত্ত পরিবারের খাদ্যসামগ্রী পাঠান ইউএনও । খাদ্য সামাগ্রীর প্যাকেটে লেখা ছিল ‘মমতার পরশ’। প্যাকেটের গায়ে এমন লেখা দেখে কারও কাছে ত্রাণ মনে হয়নি। মনে হয়েছে উপহার।
‘মমতার পরশ’ পাওয়া একজন বলেছেন, করোনার এ চরম দুর্দিনে উপজেলা নির্বাহী কর্মকর্তা পাশে দাঁড়িয়েছেন। এমন উপহারের প্যাকেট পেয়ে আমার পরিবারের সবাই চমকে গেছে, হয়েছে আনন্দিত।
রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনতাসির জাহান সম্প্রতিক করোনা পরিস্থিতিতে সংক্রমণ রোধে ব্যাপক ভূমিকা রেখে আসছেন। তিনি হ্যান্ড মাইক নিয়ে হাটে-বাজারে গিয়ে মানুষকে সচেতন করেছেন, হাতে হাতে দিয়েছেন লিফলেট, বিতরণ করেছে মাস্ক ও সাবান। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করেছেন। এছাড়াও কর্মহীন অসহায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে দিয়েছেন ত্রাণ সামগ্রী।