রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও ১৯ জনের মৃত্যু হয়েছে।
হাসপাতালের পরিচালক জানান, মৃত্যুদের মধ্যে আটজন করোনা পজিটিভ ছিলেন। এ ছাড়া ১০ জন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। করোনা ইউনিটে মৃত অপর একজনের নমুনা পরীক্ষায় করোনা নেগেটিভ এসেছে। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী আজ মঙ্গলবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন।
করোনা ইউনিটে মৃত ১৯ জনের মধ্যে রাজশাহীর ছয়জন, নাটোরের তিনজন, নওগাঁর তিনজন, পাবনার তিনজন, চাঁপাইনবাবগঞ্জের দুজন, সিরাজগঞ্জের একজন ও বগুড়ার একজন রয়েছেন।
২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে ৬৩ জন নতুন রোগী ভর্তি হয়েছে। আর সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৭৬ জন। বর্তমানে হাসপাতালে ৪৫৪টি শয্যার বিপরীতে ৫০৪ জন রোগী ভর্তি রয়েছে। রাজশাহী বিভাগের আট জেলার বাইরে কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঢাকা, নীলফামারী, মেহেরপুর ও ঝিনাইদহের বেশ কয়েকজন রোগী বর্তমানে এই হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন।


