চার দিনের রাষ্ট্রীয় সফর শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত থেকে আজ দেশে ফিরেছেন।
আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, বিকেল ৫টা ৩৫ মিনিটে ভারতের জয়পুর থেকে রওনা হয়ে রাত ৮টা ৬ মিনিটে তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৯০৭ ফ্লাইটটি ঢাকায় অবতরণ করে।
প্রধানমন্ত্রীর ফ্লাইট অবতরণ উপলক্ষে বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা সন্ধ্যা সাড়ে ৭টা থেকে সোয়া ৮টা পর্যন্ত বন্ধ ছিল। রাজস্থানের শিক্ষামন্ত্রী বিডি কাল্লা এবং ভারতে বাংলাদেশের হাইকমিশনার মুহাম্মদ ইমরান বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান।
জয়পুর ত্যাগের আগে প্রধানমন্ত্রী ভারতের রাজস্থানের আজমির শরিফে খাজা গরীবে নেওয়াজ হযরত মঈনুদ্দীন চিশতি (রহ.)-এর দরগা শরিফ জিয়ারত ও প্রার্থনার মাধ্যমে তার চার দিনব্যাপী সফর শেষ করেন। প্রধানমন্ত্রী সেখানে দেশের জনগণের উন্নতি, সমৃদ্ধি ও কল্যাণ এবং সমস্ত মুসলিম উম্মাহর অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে নফল নামাজ আদায় শেষে মোনাজাতে অংশ নেন।


