নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : মনোনয়নপত্র দাখিলের শেষ দিন বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে নেতা-কর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে জেলা নির্বাচন কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন প্রাক্তন এই মেয়র। রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন মহানগর আওয়ামী লীগ সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন।
এর আগে তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন পান। রাজশাহী থেকে তিনিই একমাত্র নেতা হিসেবে দলের মনোনয়ন ফরম কিনেছিলেন। আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের শরীক অন্য দলগুলোও খায়রুজ্জামান লিটনকে সমর্থন দিয়েছেন। রাসিক নির্বাচনে এবার লিটনের জয়ের ব্যাপারে আশাবাদী আওয়ামী লীগসহ ১৪ দলের নেতা-কর্মীরা।
মনোনয়ন ফরম দাখিলের পর খায়রুজ্জামান লিটন সাংবাদিকদের বলেন, নির্বাচনের প্রস্তুতি অনেক দিন ধরেই নেওয়া হয়েছে। নেতা-কর্মীরা ঐক্যবদ্ধ। আগের ভুলত্রুটি শুধরে তারা নৌকার পক্ষে ভোট চাইছেন। আওয়ামী লীগ সরকারের উন্নয়নের বার্তা পৌঁছে দিচ্ছেন। মানুষ তা বুঝতেও পেরেছেন। এবার রাজশাহীর ভোটাররা আর ভুল করবেন না।
জাতীয় চার নেতার এক নেতা শহীদ এএইচএম কামারুজ্জামানের ছেলে এএইচএম খায়রুজ্জামান লিটন ২০০৮ সালের সিটি নির্বাচনে বিএনপির প্রার্থী মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুলকে হারিয়ে প্রথমবারের মতো মেয়র নির্বাচিত হন। কিন্তু ২০১৩ সালের নির্বাচনে বুলবুলের কাছেই পরাজিত হন লিটন। এবার নির্বাচনেও মহানগর বিএনপির সভাপতি বুলবুল দলীয় মনোনয়ন পেয়েছেন। দুপুরের পর তার মনোনয়নপত্র জমা দেওয়ার কথা রয়েছে।
প্রসঙ্গত, আগামী ৩০ জুলাই একযোগে রাজশাহী, সিলেট ও বরিশাল সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে।


