মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্ধারিত সময়ের এক দিন আগেই ক্যাম্প ডেভিড থেকে হোয়াইট হাউসে ফিরে গেছেন বলে জানা গেছে। রোববার (২০ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সামা টিভি।
প্রতিবেদনে বলা হয়েছে, সাপ্তাহিক ছুটি কাটাতে ট্রাম্প মেরিল্যান্ডের গ্রামীণ এলাকায় অবস্থিত প্রেসিডেন্টের অবকাশকেন্দ্র ক্যাম্প ডেভিডে গিয়েছিলেন। আগে ঘোষণা অনুযায়ী, তার সেখানে আরও একদিন থাকার কথা ছিল। তবে হঠাৎ করেই তিনি ওয়াশিংটনে ফিরে আসেন। যদিও কেন তিনি নির্ধারিত সময়ের আগে ফিরে এসেছেন, সে বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।
ট্রাম্পের এই হন্তদন্ত হয়ে ফিরে আসার আগেই মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা দেখা দেয়। ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইরত সৌদি নেতৃত্বাধীন জোট জানায়, ইরানের সমর্থনপুষ্ট হুথিরা ভোরে সৌদি আরবের রাজধানী রিয়াদ লক্ষ্য করে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে।
এ ছাড়া সৌদি রাজধানীর আন্তর্জাতিক বিমানবন্দরের কাছেও আগুন লাগার খবর পাওয়া যায়।
পরিস্থিতির মধ্যে মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন নাগরিকদের নিরাপত্তা নিয়ে সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এবং দেশটির কয়েকটি দূতাবাস। তারা সতর্ক করে বলেছে, পরিস্থিতি দ্রুত আরও উত্তপ্ত হয়ে উঠতে পারে।
মার্কিন পররাষ্ট্র দপ্তর এক সতর্কবার্তায় বলেছে, ‘এই সামরিক সংঘাত দ্রুত বড় আকার ধারণ করার সম্ভাবনা রয়েছে।’
মধ্যপ্রাচ্যের বাইরে থাকা মার্কিন নাগরিকদের অঞ্চলটিতে যাওয়া এবং এর মধ্য দিয়ে ভ্রমণের বিষয়ে ‘গুরুতরভাবে পুনর্বিবেচনা’ করার পরামর্শও দেওয়া হয়েছে।
সতর্কবার্তায় ইরান-সমর্থিত হুথিদের সৌদি আরবে চালানো হামলার বিষয়টি উল্লেখ করা হয়েছে। এসব হামলার মধ্যে বেসামরিক বিমানবন্দর লক্ষ্য করে চালানো হামলাও রয়েছে।


