রিয়াদ-সৌম্যকে নিয়ে দুশ্চিন্তায় ডমিঙ্গো!

আইসিসি চ্যাম্পিয়নশিপের দুই টেস্ট খেলতে মুমিনুল বাহিনীকে নিয়ে এখন শ্রীলংকায় ব্যস্ত সময় পার অবস্থান করছেন বাংলাদেশ দলের কোচ রাসেল ডমিঙ্গো।

ক্যান্ডির পাল্লেকেলেতে যখন লাল বলের লড়াইয়ে ব্যস্ত বাংলাদেশ তখন সফরে না আসা দুই তারকা খেলোয়াড়দের নিয়ে দুশ্চিন্তায় ডুবেছেন ডমিঙ্গো। এ দুই খেলোয়াড় হলেন-মাহমুদউল্লাহ রিয়াদ ও সৌম্য সরকার।

মূলত দল থেকে বাদ পড়া বা চোটের কারণে দলের বাইরে থাকা সব খেলোয়াড়দের নিয়ে চিন্তিত বাংলাদেশ কোচ। তবে এই দুই তারকার বেলায় একটু বিশেষ উদ্বিগ্ন ডমিঙ্গো।

রিয়াদ-সৌম্যসহ জাতীয় দলের বাইরে থাকা এসব ক্রিকেটাররা নিজেদের প্রস্তুত রাখার পর্যাপ্ত সুযোগ-সুবিধা পাচ্ছেন কি না, তা নিয়ে চিন্তিত রাসেল ডমিঙ্গো।

বিষয়টি নিয়ে বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের প্রধান ও জাতীয় দলের লঙ্কা সফরের টিম লিডার খালেদ মাহমুদ সুজনের সঙ্গে আলাপও করেছেন ডমিঙ্গো।

নিজের উদ্বেগের বিষয়ে ডমিঙ্গো বলেন, ‘এটা নিয়ে আমি কিছুদিন ধরে খালেদ মাহমুদ সুজনের সঙ্গে কথা বলছি। আমরা নিশ্চিত করতে চাই, যে খেলোয়াড়রা জাতীয় দলের বাইরে থাকে তারা যেন একটা প্রক্রিয়ার মাঝে থাকে। উদাহরণ হিসেবে বলেছি সৌম্য, মাহমুদউল্লাহর কথা। এখন কে তাদের খেয়াল রাখছে? তারা এখন কী করছে? সুযোগ-সুবিধা সব পাচ্ছে?’

সৌম্য-মাহমুদউল্লাহকে নিয়ে আলাদভাবে উদ্বেগ প্রকাশের কারণও জানিয়েছেন ডমিঙ্গো।

তরুণ ক্রিকেটাররা হাই পারফরম্যান্স ইউনিটের অধীনে থাকার সুযোগ পেলেও সৌম্য-মাহমুদউল্লাহর মতো সিনিয়রদের বেলায় সে সুযোগ হয় না। দলের বাইরে থাকলে তাদের নিজেদের প্রস্তুতির দিকটা নিজেদেরই দেখভাল করতে হয়। আর কাজটি মোটেই সহজ নয়।

বিষয়টিতে নজর দেওয়ার জন্য তাগিদ দিয়েছেন ডমিঙ্গো। বললেন, ‘এই প্রস্তুতি ঠিকভাবে চালিয়ে যাওয়া তাদের জন্য কঠিন। তাই এই বিষয়ে নজর দেওয়া উচিৎ। যখন কোনো খেলোয়াড় কোনো ফরম্যাটের দলের সঙ্গে থাকে না, তখন খেয়াল রাখতে হবে তারা যেন পর্যাপ্ত সুবিধা পায়। এটা আমাদের জন্য চ্যালেঞ্জ এবং আমরা বিষয়টি নিয়ে ভাবছি। আশা করি ভবিষ্যতে সমাধান পাওয়া যাবে।’

প্রসঙ্গত, বাংলাদেশের হয়ে সাদা জার্সিতে অনেকদিন ধরে অনুপস্থিত মাহমুদউল্লাহ রিয়াদ। শ্রীলংকা সিরিজে দলে ফেরার সম্ভাবনা তৈরি হয়েছিল তার। কিন্তু চোটের কারণে শেষ মুহূর্তে তাকে দলে নেওয়ার পরিকল্পনা বাদ দেওয়া হয়। আর নিউজিল্যান্ড সফরে বাজে পারফরম্যান্সের কারণে শ্রীলংকা সফরে সুযোগ হয়নি সৌম্য সরকারের।