রিয়াল মাদ্রিদের সঙ্গে ১৬ বছরের সম্পর্ক শেষ হলো সার্জিও রামোসের। মাদ্রিদিস্তাদের অফিশিয়াল ওয়েবসাইটে খবরটা নিশ্চিত করেছে ক্লাব কর্তৃপক্ষ। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিক ঘোষণা দেবে দুই পক্ষ।
শেষ হওয়া মৌসুমের শুরু থেকেই কিছুটা ইনজুরিতে ভুগছিলেন রিয়াল মাদ্রিদের নিয়মিত অধিনায়ক রামোস। যে কারণে, পুরো মৌসুম তার সার্ভিস পায়নি লস ব্লাঙ্কোরা। কিন্তু শেষ দিকে এসে আবারো নিজের চেনা ছন্দে ফিরতে শুরু করেছিলেন এ স্প্যানিয়ার্ড।
কিন্তু, চুক্তির মেয়াদ শেষ হতে থাকলেও, ক্লাব থেকে কোন প্রস্তাব না পাওয়ায় হতাশ ছিলেন তিনি। পরে ক্লাব কর্তৃপক্ষ নতুন চুক্তির আহ্বান জানালেও, সেখানে একমত হতে পারেনি দুই পক্ষ। রামোস দুই বছরের চুক্তি চাইলেও, ক্লাব থেকে মাত্র ১ বছরের জন্য প্রস্তাব দেয় তাকে, সঙ্গে আবার বেতন কমানো হয় ১০ শতাংশ।
তাই অনেকটা বাধ্য হয়েই ১৬ বছরের সম্পর্ক শেষ করার সিদ্ধান্ত নিয়েছেন রামোস। এদিকে এক বিবৃতিতে রিয়াল মাদ্রিদ জানায়, “রিয়াল মাদ্রিদ সিএফ ঘোষণা করছে যে আগামীকাল, বৃহস্পতিবার ১৭ জুন স্থানীয় সময় সাড়ে বারোটার দিকে আমাদের প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজের উপস্থিতিতে আমাদের অধিনায়ক সার্গিও রামোসের বিদায় পূর্ব অনুষ্ঠান হবে। ”
২০০৫ সালে রিয়াল মাদ্রিদে যোগ দেবার পর এখন পর্যন্ত ৪৬৯টি ম্যাচ খেলেছেন তিনি, যেখানে গোল আছে ৭২টি। রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজের সঙ্গে মতের মিল না হওয়ায় এর আগে ক্লাব ছেড়েছেন কোচ জিনেদিন জিদানও।


