ক্রীড়া ডেস্ক : গত মৌসুমে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে জুভেন্টাসকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে টানা দ্বিতীয় শিরোপা জিতেছিল রিয়াল মাদ্রিদ। গতবারের দুই ফাইনালিস্ট এবার মুখোমুখি হচ্ছে কোয়ার্টার ফাইনালেই। কার্ডিফের ফাইনালের প্রভাব এবারের লড়াইয়ে পড়বে না বলে মনে করছেন জিনেদিন জিদান। শিষ্যদের তাই সতর্ক করে দিয়েছেন রিয়াল মাদ্রিদ কোচ।
শেষ আটের প্রথম লেগে তুরিনে আজ রিয়ালকে আতিথ্য দেবে জুভেন্টাস। এটিকে পুরোপুরি আলাদা এক ম্যাচ হিসেবেই দেখছেন জিদান। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে রিয়াল কোচ বলেছেন, ‘আমরা একটি ভালো ম্যাচ খেলার চেষ্টা করব। ১০ মাস আগের প্রভাব এই ম্যাচে পড়বে না। এটি আরেকটি ম্যাচ, পুরোপুরি আলাদা।’
‘জুভেন্টাস সব সময়ই শক্তিশালী দল, যা তারা দেখিয়েছে। তারা পরিপূর্ণ একটি দল। ডিফেন্স, মিডফিল্ড, আক্রমণে তারা কী করতে পারে, সেদিকে আমাদের মনোযোগ দিতে হবে। তাদের দারুণ মৌসুম কাটছে। আমি তাদের ম্যাচ দেখেছি। আমি ইতালিয়ান লিগের সমালোচনা করে কোনো মন্তব্য করতে পারব না, কিন্তু জুভেন্টাসের ভালো একটি স্টাইল আছে’- বলেছেন জিদান।
জিদানের সঙ্গে সুর মিলিয়েছেন রিয়াল মাদ্রিদ কিংবদন্তি রাউলও, ‘আমরা দেখছি জুভেন্টাস ও রিয়াল মাদ্রিদ আমাদের কার্ডিফের কথা মনে করিয়ে দিচ্ছে। কিন্তু এটি আলাদা ম্যাচ। আমরা জানি জুভেন্টাস দারুণ একটি দল। গত মৌসুমে তারা বার্সেলোনাকে (শেষ আটে) বিদায় করে দিয়েছিল। আমাদের সতর্ক হওয়ার একটি তথ্য এটি।’
শুরুর একাদশ কেমন হবে, তা নিয়ে জিদান সরাসরি কিছু বলেননি। তবে দারুণ ফর্মে থাকা গ্যারেথ বেলের কারণে ইসকোকে একাদশের বাইরে থাকতে হতে পারে। আন্তর্জাতিক বিরতিতে আর্জেন্টিনার বিপক্ষে প্রীতি ম্যাচে স্পেনের ৬-১ গোলে জয়ের ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন ইসকো। ক্লাবের তুলনায় জাতীয় দলে ভালো পারফর্ম করা সহজ বলে মনে করেন জিদান।
সেই ব্যাখ্যাও দিলেন ফরাসি কিংবদন্তি, ‘সম্ভবত জাতীয় দলের সঙ্গে ইসকো অন্যরকম। কারণ, সে তাদের সঙ্গে এক মৌসুমে মাত্র আট ম্যাচ খেলে, আর আমাদের এখানে ৬০ ম্যাচ। আমরা প্রতি তিন দিনে একটি ম্যাচ খেলি। এখানে ব্যাকআপ নেই। আমার কাছে ২৫ জন ভালো খেলোয়াড় আছে এবং আমি তাদের প্রত্যেককে ব্যবহার করছি। কিছু মুহূর্তে কেউ আবার বেশি খেলছে।’


