ক্রীড়া ডেস্ক : উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদকে পেয়েছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। ২০১৮ সালের ১৫ ফেব্রুয়ারি প্রথম লেগে রিয়ালের মাঠে নামবে পিএসজি। ৭ মার্চ ফিরতি লেগে পিএসজির মাঠে খেলতে যাবে রিয়াল। শেষ ষোলোর এই ম্যাচটিকে নেইমার উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনালের মতো গুরুত্বপূর্ণ মনে করছেন।
নেইমার বলেন, ‘এই ম্যাচটি খেলার জন্য আমরা প্রস্তুত হচ্ছি। এই ম্যাচটি চ্যাম্পিয়নস লিগের ফাইনালের মতো বহুল প্রতিক্ষীত। তবে ড্রয়ের আগেই আমরা এমনটি প্রত্যাশা করে রেখেছিলাম। আশা করছি দুর্দান্ত একটি ম্যাচ হবে।’
ক্রিসমাসের ছুটিতে ব্রাজিল যাওয়ার আগে নেইমার গিয়েছিলেন দোহায়। সেখানে পিএসজির পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের একটি ইভেন্টে অংশ নেন। এরপর একটি দাতব্য ম্যাচের দ্বিতীয়ার্ধে মাঠে নামেন। সেখানে তার দল ১১-৭ ম্যাচে জয় পায়। জয়ের চেয়ে বড় বিষয় হল এই ম্যাচের মাধ্যমে ক্ষুধার্ত মানুষের জন্য ৩০ টন খাবারের সমমূল্যের অর্থ সংগ্রহ করা হয়।


