ক্রীড়া ডেস্ক : প্রথম ক্লাব হিসেবে চ্যাম্পিয়নস লিগে টানা তিন শিরোপা জয়ের কৃতিত্ব দেখিয়েছে রিয়াল মাদ্রিদ। প্রথম ক্লাব হিসেবে এবার টানা তিন উয়েফা সুপার কাপ জয়ের হাতছানি তাদের সামনে। সুপার কাপেও হ্যাটট্রিক শিরোপা জিততে পারবে কি ‘লস ব্ল্যাঙ্কোস’রা? কাজটা রিয়ালের জন্য মোটেই সহজ হবে না। রিয়ালের হ্যাটট্রিক চ্যাম্পিয়নস লিগ জয়ে বড় অবদান ছিল ক্রিস্টিয়ানো রোনালদোর। পর্তুগিজ ফরোয়ার্ড এ মৌসুমেই রিয়ালের সঙ্গে ৯ বছরের সম্পর্ক ছিন্ন করে জুভেন্টাসে পাড়ি জমিয়েছেন। আজকের সুপার কাপই রোনালদোকে ছাড়া রিয়ালের প্রথম কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ। জিনেদিন জিদানের বিদায়ের পর রিয়ালের নতুন কোচ জুলেন লোপতেগুইয়েরও প্রথম ম্যাচ। এস্তোনিয়ার রাজধানী তাল্লিনে আজ বাংলাদেশ সময় রাত ১টায় সুপার কাপে রিয়ালের প্রতিপক্ষ তাদেরই নগরপ্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদ। যারা আবার সুপার কাপে কখনো হারেনি। দুবার খেলে দুবারই শিরোপা জিতেছে। প্রথম দল হিসেবে রিয়ালের যেমন হ্যাটট্রিক শিরোপার হাতছানি, অ্যাটলেটিকোর সামনেও প্রথম দল হিসেবে তিন ম্যাচে তিন জয়ের সুযোগ। পাশাপাশি শিরোপা দিয়ে মৌসুম শুরু করার জন্য দুই দলই মুখিয়ে থাকবে। রিয়াল লা লিগায় অ্যাটলেটিকোর সঙ্গে শেষ দশবারের দেখায় জিতেছে মাত্র একটি। যদিও ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা দিয়েগো সিমিওনের দলকে চ্যাম্পিয়নস লিগে হারিয়েছে ২০১৪, ২০১৫, ২০১৬ ও ২০১৭ সালে।

সিমিওনে অবশ্য আজ অ্যাটলেটিকোর ডাগআউটে দাঁড়াতে পারবেন না। গত মৌসুমে ইউরোপা লিগের সেমিফাইনালে আর্সেনালের বিপক্ষে রেফারির সিদ্ধান্তে অসন্তোষ জানিয়ে চার ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন অ্যাটলেটিকো কোচ। আজ তার নিষেধাজ্ঞার তৃতীয় ম্যাচ।
দলের অবস্থা
চেলসি থেকে রিয়ালে যাওয়া বেলজিয়ান গোলরক্ষক থিবো কোর্তোয়ার আজ অভিষেক হতে পারে। দেখা যাবে ১৮ বছর বয়সি ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়াসকেও, যাকে জুলাইয়ে ফ্ল্যামেঙ্গো থেকে দলে টেনেছে রিয়াল। তবে রিয়াল সোসিয়েদাদ থেকে দলে ভেড়ানো ডিফেন্ডার আলভারো ওদ্রিওজোলা কুঁচচির চোটের কারণে খেলতে পারবেন না।
অ্যাটলেটিকোর নতুন খেলোয়াড় থমাস লেমার, রদরি, নিকোলা কালিনিচ, গেলসন মার্টিনস ও সান্তিয়াগো আরিয়াস- সবাই দলের সঙ্গে এস্তোনিয়ায় গেছেন। বিশ্বকাপ জয়ী ফরাসি তারকা আঁতোয়ান গ্রিজমান ও লুকাস হার্নাদেজও আজ খেলবেন।
কে কী বলছেন
রিয়াল মাদ্রিদ কোচ জুলেন লোপতেগুই- ‘আমার প্রথম অফিসিয়াল ম্যাচটাই ফাইনাল। রিয়াল আবারো খেলার অধিকার অর্জন করেছে এমন একটা ম্যাচ এটি। আমরা জানি অ্যাটলেটিকো ভালো দল এবং এটা হতে যাচ্ছে ঘরোয়া ডার্বি। শারীরিক ও কৌশলগত দিক থেকে বেশ কঠিন একটি ম্যাচ হবে। এটা ফাইনাল, দুই দলই সেরাটা উজার করে দেবে। অ্যাটলেটিকোকে হারাতে যা দরকার, আমরা সেটাই করব।’
অ্যাটলেটিকো মাদ্রিদ কোচ দিয়েগো সিমিওনে-‘সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপারটা হলো আবেগ। এই ম্যাচ আবেগের নির্ধারক হতে পারে। ভালো খেলোয়াড়দের আগমন ভালো ব্যক্তিগতর নিশ্চয়তা দেয়, কিন্তু ভালো দলের নয়; যতক্ষণ না আমরা একসঙ্গে কাজ করি। এই ম্যাচে আমরা সবকিছুই করতে পারি, আমরা যা চাই, ম্যাচটা আমরা সেখানে নিতে পারি।’

ম্যাচ ফ্যাক্ট
হেড-টু-হেড
*৪৩ মৌসুমে এই প্রথম সুপার কাপ খেলবে একই শহরের দুই দল।
*আগের ৪২ আসরের মধ্যে চ্যাম্পিয়নস লিগ জয়ীরা জিতেছে ২৩ বার।
*শেষ পাঁচ বছরে এ নিয়ে চতুর্থবার সুপার কাপের লড়াইটা হবে দুই স্প্যানিশ ক্লাবের।
রিয়াল মাদ্রিদ
*প্রথম ক্লাব হিসেবে টানা তিন সুপার কাপ জয়ের হাতছানি রিয়ালের সামনে।
*প্রতিযোগিতায় নিজেদের ছয় ম্যাচের চারটি জিতেছে রিয়াল।
*এ নিয়ে সপ্তমবার সুপার কাপ খেলছে রিয়াল (৪ জয়, ২ ড্র)।
অ্যাটলেটিকো মাদ্রিদ
*সুপার কাপে নিজেদের আগের দুই ম্যাচের দুটিই জিতেছে অ্যাটলেটিকো।
*প্রতিযোগিতায় প্রথম দল হিসেবে তিন ম্যাচে তিন জয়ের হাতছানি তাদের সামনে। তাদের সঙ্গে দুই ম্যাচে দুটিই জিতেছে আন্ডারলেখট, জুভেন্টাস ও ভ্যালেন্সিয়া।
*দুই দল ইউরোপিয়ান প্রতিযোগিতায় মুখোমুখি হয়েছে নয়বার, কিন্তু অ্যাটলেটিকো কখনোই রিয়ালকে ফাইনালে হারাতে কিংবা ইউরোপ থেকে বিদায় করতে পারেনি।


