ক্রীড়া ডেস্ক: গত নয়টি বছর স্পেনের রাজধানীর ক্লাব রিয়াল মাদ্রিদের হয়ে খেলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। গ্রীষ্মের চলমান দলবদলে সান্তিয়াগো বার্নাব্যু ছেড়ে জুভেন্টাসে যোগ দিয়েছেন তিনি।
ক্লাব ছাড়ার পাশাপাশি রিয়ালের সঙ্গে যেন যোগাযোগ বিচ্ছিন্ন থাকতে চাইছেন রোনালদো। তাই সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে রিয়াল মাদ্রিদকে আর অনুসরণ করছেন না পর্তুগিজ সুপারস্টার। সামাজিক এই মাধ্যমে নতুন ক্লাব জুভেন্টাসের সতীর্থদের অনুসরণ করা শুরু করেছেন তিনি। ইনস্টাগ্রামে রিয়ালকে অনুসরণ না করার সিদ্ধান্ত রোনালদোর নিজের বলে এক প্রতিবেদনে জানিয়েছে স্প্যানিশ জনপ্রিয় ক্রীড়া মাধ্যম মার্কা।
তবে রিয়ালকে অনুসরণ না করলেও নিজের প্রাক্তন দুই কোচ কার্লো আনচেলত্তি ও জিনেদিন জিদানকে এখনো সোস্যাল এই নেটওয়ার্কে অনুসরণ করেছেন রোনালদো। সান্তিয়াগো বার্নাব্যুতে থাকাকালীন এই দুই কোচের অধীনে দুর্দান্ত সময় কাটিয়েছেন ৩৩ বছর বয়সি এ সুপারস্টার।
১০০ মিলিয়ন ইউরোতে গতমাসে জুভেন্টাসে যোগ দেন রোনালদো। গত বুধবার ক্লাবটির হয়ে প্রথম বারের মতো অনুশীলনে নামেন পাঁচ-পাঁচটি ব্যালন ডি’অর জয়ী এ তারকা। অনুশীলনে নিজের আইকনিক পেশী প্রদশণসহ আর্জেন্টাইন তারকা পাওলো দিবালার সঙ্গে অনুশীলন করতে দেখা গেছে তাকে।


