স্পোর্টস ডেস্কঃ হতে পারে প্রাক-মৌসুম প্রীতি ম্যাচ। তাই বলে ৭ গোল হজম! যে দলের কোচ আবার জিনেদিন জিদান। রিয়াল মাদ্রিদের মতো লা লিগার সফলতম ক্লাব শুক্রবার রাতে ৭-৩ গোলের বড় ব্যবধানে হেরেছে নগর প্রতিদ্বন্দ্বি অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে।
যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে দারুণ উত্তেজনাপূর্ণ এক ম্যাচই উপভোগ করেছেন দর্শকরা। ম্যাচের ৬৩তম মিনিটে লাল কার্ড দেখেন রিয়ালের দানি কার্ভাহাল আর অ্যাটলেটিকোর ডিয়েগো কস্তা। পরের সময়টায় তাই ১০ জন নিয়ে খেলতে হয়েছে দুই দলেরই।
তবে লাল কার্ড দেখার আগে প্রথমার্ধেই দুর্দান্ত এক হ্যাটট্রিক করে বসেন অ্যাটলেটিকো স্ট্রাইকার ডিয়েগো কস্তা। পরে ৫১ মিনিটে করেন আরও এক গোল। সঙ্গে ম্যাচের ৮ মিনিটে করা জোয়াও ফেলিক্স আর ১৯ মিনিটে অ্যাঞ্জেল কোয়েইরার গোল মিলিয়ে ৬-০ গোলে এগিয়ে গিয়েছিল অ্যাটলেটিকো।
৫৯ মিনিটে এসে রিয়ালের হয়ে একটি গোল শোধ করেন নাচো। ৭০ মিনিটে ভিতোলোর গোলে ৭-১ করে অ্যাটলেটিকো। শেষের সময়টায় প্রাণপন লড়ে আরও দুটি গোল শোধ করে লজ্জা কিছুটা কমিয়েছে রিয়াল। ৮৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন করিম বেনজেমা। ৮৯ মিনিটে ব্যবধান ৭-৩ করেন হার্নান্দেজ কারেরা।
এমন হারেও অবশ্য খুব একটা দুশ্চিন্তার কিছু দেখছেন না জিদান। রিয়াল কোচ মনে করিয়ে দিলেন এটি শুধু প্রাক-মৌসুম ম্যাচ। জিদানের ভাষায়, ‘আমরা ম্যাচটা খুব বাজেভাবে শুরু করি। টপ লেভেলের একটি ম্যাচে আমাদের খুবই বাজে শুরু হয়েছে। খেলোয়াড়রা সেটা জানে এবং তারা খুবই হতাশ। তবে এটা নিয়ে পড়ে থাকার কিছু নেই। এটা তো প্রাক-মৌসুম ম্যাচ।


