ঘরের মাঠে নিউজিল্যান্ডকেও রেকর্ড গড়ে হারাল বাংলাদেশ। আর এ জয়ের মধ্য দিয়ে কিউইদের বিপক্ষে টি-টোয়েন্টিতে আরাধ্য সেই জয় খরা কাটাল সাকিব-মাহমুদউল্লাহরা।
বুধবার (১ সেপ্টেম্বর) পাঁচ ম্যাচ টি-টোয়েন্টির প্রথম ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে মাত্র ৬০ রানে গুটিয়ে যায় টম লাথামের দল।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতে ২ উইকেট হারিয়ে হোঁচট খেলেও লক্ষ্যচ্যুত হয়নি টাইগার বাহিনী। মুশফিক-মাহমুদউল্লাহর ব্যাটে ভর করে ৩০ বল বাকি থাকতেই ৭ উইকেটের বিশাল জয় তুলে নেয় টিম টাইগার্স। আর এর মধ্য দিয়ে পাঁচ ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে গেল মাহমুদউল্লাহর দল।
শেষ পর্যন্ত অপরাজিত থাকা মুশফিক ২৬ বলে করেছেন ১৬, আর মাহমুদউল্লাহ ছিলেন ১৪ রানে। এর আগে আউট হওয়া সাকিব রবীন্দ্রর বলে আউট হওয়ার আগে ৩৩ বল খেলে করেছেন ২৫ রান।
দুই ওপেনার নাঈম ও লিটন দাস ফিরে যান ইনিংসের শুরুতেই। নাঈম ১ রান করে আউট হন। লিটনও করেন ১ রান। কোল ম্যাককনকির ঝুলিয়ে দেওয়া বলে আগ বাড়িয়ে খেলতে গিয়ে কাভারে হেনরি নিকোলসের হাতে ধরা পড়েন নাঈম। এজাজ প্যাটেলের ঝুলিয়ে দেওয়া বলে বেশ খানিকটা আগবাড়িয়ে ড্রাইভ করতে গিয়ে মিস করেছিলেন লিটন দাস। তবে চলে গিয়েছিলেন ক্রিজের বাইরে। স্টাম্প ভাঙতে ভুল হয়নি টম ল্যাথামের।


