রেকর্ড পঞ্চমবার টানা বুন্দেসলিগার শিরোপা জিতেছে বাভারিয়ানরা

ক্রীড়া ডেস্ক : এবারও বুন্দেসলিগায় একক আধিপত্য বজায় রাখল বায়ার্ন মিউনিখ। গতকাল লিগ ম্যাচে ভলফসবুর্গকে ৬-০ গোলে উড়িয়ে তিন ম্যাচ হাতে রেখে রেকর্ড পঞ্চমবার টানা বুন্দেসলিগার শিরোপা জিতেছে বাভারিয়ানরা।

শিরোপা জয়ের উদযাপনটা ভলফসবুর্গের মাঠ ভক্সওয়াগন অ্যারেনাতেই করল বায়ার্ন। মৌসুমের শুরু থেকেই এবার দারুণ ছন্দে ছিল ক্লাবটি।পেপ গার্দিওলা ক্লাব ছাড়ার পরও রিয়াল মাদ্রিদের প্রাক্তন কোচ কার্লো আনচেলত্তির অধীনে সেরাটা ধরে রাখে জার্মানির সেরা ক্লাবটি।

দলের রেকর্ড শিরোপা জয়ের পথে কোচ আনচেলত্তিও গড়েছেন দারুণ এক রেকর্ড। প্রথম কোচ হিসেবে ইউরোপের শীর্ষ পাঁচ লিগের চারটি জিতলেন এই ইতালিয়ান।

বায়ার্নের বড় জয়ে গতকাল জোড়া গোল করেন রবার্ট লেভানডফস্কি। এছাড়া একটি করে গোল করেন, ডেভিড আলভা, থমাস মুলার, আরিয়েন রোবেন ও জসুয়া কিমিচ।

ক্লাবের ইতিহাসে এটা বায়ার্নের ২৭তম লিগ শিরোপা। চলতি মৌসুমে লিগে এখন পর্যন্ত ৩১ ম্যাচ খেলে মাত্র দুটিতে হেরেছে তারা। জিতেছে ২২টি, সাতটি ড্র। ৩১ ম্যাচে বায়ার্নের পয়েন্ট ৭৩। সমান ম্যাচে দ্বিতীয় স্থানে থাকা লাইপজিগের পয়েন্ট ৬৩।