প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ বলেছেন, সৌদি আরবের সঙ্গে রোড টু মক্কা সমঝোতা স্মারক হজ হজযাত্রীদের যাতায়াতের ভোগান্তি কমাবে।
রোববার (১৩ নভেম্বর) দুপুরে রাজধানীর একটি হোটেলে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন সৌদি উপ স্বরাষ্ট্রমন্ত্রী নাসের বিন আব্দুল আজিজ আল দাউদ।
বৈঠক শেষে উপস্থিত গণমাধ্যমকর্মীদের ইমরান আহমেদ জানান, দেশটিতে বাংলাদেশি প্রবাসীদের নিরাপত্তা বিশেষ করে নারী শ্রমিকদের নিরাপত্তার বিষয়ে আলোচনা হয়।
এর আগে ঢাকায় সফররত সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপমন্ত্রী নাসের বিন আবদুল আজিজ আল দাউদের সঙ্গে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বৈঠকে নিরাপত্তা সহযোগিতা ও মক্কা রোড ইনিশিয়েটিভ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
বৈঠকের পর আসাদুজ্জামান খান সাংবাদিকদের জানান, দুই দেশের আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে প্রশিক্ষণ ও তথ্য-উপাত্ত বিনিময় করার লক্ষ্যে রোড টু মক্কা সমঝোতা স্মারক সই হয়েছে। এর ফলে হজযাত্রীদের সৌদি যাওয়া সহজতর হবে।
আগে হজে যেতে অভিবাসন প্রক্রিয়ার জন্য বাংলাদেশিদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হতো। এ চুক্তির ফলে বাংলাদেশিদের হজে যাওয়ার প্রক্রিয়া ঢাকাতেই শেষ হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।


