রোনালদোর অভিষেক ম্যাচে প্রতিপক্ষ শিয়েভো

ক্রীড়া ডেস্ক: অপেক্ষার পালা শেষ হচ্ছে। শীঘ্রই মাঠে নামতে যাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। জুভেন্টাসে যোগ দেওয়া এ ফরোয়ার্ড কবে মাঠে নামবেন তা নিয়ে ছিল জল্পনা-কল্পনা। ইতালির ক্লাবটিতে যোগ দিয়ে আনুষ্ঠানিকতা সারলেও রোনালদো কবে মাঠে নামবেন তা বলতে পারছিল না কেউ। বিশ্বকাপের পরপরই তুরিনে গিয়ে মেডিকেল টেস্ট, চুক্তির আনুষ্ঠানিকতা, জার্সি উন্মোচন এবং সংবাদ সম্মেলন করে এসেছেন রোনালদো। এরপর ছুটি নিয়ে চলে যান বেড়াতে। গ্রীসে পরিবার, বন্ধু-বান্ধব নিয়ে প্রায় সপ্তাহখানেক বেরিয়ে এসেছেন। এখন একান্ত সময় কাটাচ্ছেন বান্ধবী জর্জিনা রদ্রিগেজের সঙ্গে। ফলে মৌসুম শুরুর আগে প্রাক-অনুশীলন পর্বেও থাকছেন না রোনালদো। এমনকি ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপে খেলা হচ্ছে না তার। ভক্তরা অধীর আগ্রহে রোনালদো ম্যাজিক দেখার অপেক্ষায়। বিশেষ করে জুভেন্টাসের সমর্থকরা তাকে বরণ করে নিতে মুখিয়ে আছেন। তাদের অপেক্ষার পালা শেষ হতে যাচ্ছে। জুভেন্টাস আনুষ্ঠানিকভাবে জানিয়েছে আগামী ১৯ আগস্ট অভিষেক হতে যাচ্ছে সিআর সেভেনের। তবে ঘরের মাঠে খেলার সুযোগ পাচ্ছেন না রোনালদো। অ্যাওয়ে ম্যাচ দিয়ে সিরি’এ লিগে জুভেন্টাসের যাত্রা শুরু হবে। ১৯ আগস্ট তাদের প্রতিপক্ষ শিয়েভো। জুভেন্টাসের হয়ে এ ম্যাচেই খেলবেন রোনালদো। ধারণা করা হচ্ছে, ১২ আগস্ট ক্লাবের ট্রেনিংয়ে যোগ দেবেন রোনালদো। এরপর শুরু হবে প্রস্তুতি। ৩৩ বছর বয়সি এ ফরোয়ার্ড ৯ বছর রিয়াল মাদ্রিদে কাটিয়ে জুভেন্টাসে যোগ দিয়েছেন। রিয়াল মাদ্রিদের হয়ে ৪৩৮ ম্যাচে ৪৫০ গোল করেছেন । ক্লাবের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার রেকর্ডটি তারই দখলে। এছাড়া নয় মৌসুমে দুটি লা লিগা, চারটি চ্যাম্পিয়নস লিগ শিরোপা, দুটি কোপা দেল রে, দুটি স্প্যানিশ সুপার কাপ, দুটি উয়েফা সুপার কাপ ও তিনটি ফিফা ক্লাব বিশ্বকাপ শিরোপা জিতেছেন। চার বছরের চুক্তিতে তুরিনের ক্লাব জুভেন্টাসে যোগ দিয়েছেন রোনালদো। প্রতি মৌসুমে ৩০ মিলিয়ন ইউরো আয় করবেন। ১৯ আগস্ট অ্যাওয়ে ম্যাচ খেলার পর ২৬ আগস্ট ঘরের মাঠে রোনালদোর অভিষেক হবে। দ্বিতীয় ম্যাচে তাদের প্রতিপক্ষ লাঝিও।