ক্রীড়া ডেস্ক : ১০০ মিলিয়ন ইউরোতে রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে যোগ দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। নতুন মৌসুমে তুরিনের ওল্ড লেডিদের হয়ে দুটি ম্যাচও খেলে ফেলেছেন তিনি। অবশ্য এখনো গোলের দেখা পাননি। পরিবার নিয়ে তুরিনে ভালোই সময় কাটছে সিআরসেভেনের। পিতার পদাঙ্ক অনুসরণ করে পুত্র ক্রিস্টিয়ানো জুনিয়রও যোগ দিয়েছেন জুভেন্টাসে। রোনালদোর পুত্র জুভেন্টাসের অনূর্ধ্ব-৯ দলের সঙ্গে অনুশীলন শুরু করেছে। জুভেন্টাস এই ব্যাচের নাম দিয়েছে ‘পুলছিনি-২০১০’। অর্থাৎ যাদের জন্ম ২০১০ এর মধ্যে কিংবা পরে। গেল জুনে ৮ বছরে পা দিয়েছে রোনালদোর ছেলে। এর আগে অবশ্য সে রিয়াল মাদ্রিদের ইয়ুথ একাডেমিতে খেলেছে। এদিকে জুভেন্টাসের রক্ষণভাগের খেলোয়াড় আন্দ্রেয়া বারজাগলির ছেলেও পুলছিনি-২০১০ এ যোগ দিয়েছে। তবে শোনা যাচ্ছে বারজাগলির পুত্র এক বছর এগিয়ে গিয়ে পুলছিনি-২০০৯ এ যোগ দিতে পারে। যেখানে ফাবিও গ্রোসো ও ক্লাউদিও মার্সিসিওর পুত্রও খেলছে। জুভেন্টাসের ইয়ুথ টিম ও মহিলা দলের অনুশীলন হয়ে থাকে ভিনোভোতে। বর্তমানে জুভেন্টামের ফার্স্ট টিমও এখানেই অনুশীলন করছে। তবে আসন্ন জুলাইতে তারা নতুন অনুশীলন মাঠে চলে যাবে। যেটা ক্লাবের হেডকোয়ার্টার্স কন্টানিসাতে অবস্থিত। আর সেটার পাশেই অবস্থিত আলিয়াঞ্জ স্টেডিয়াম।


