রোহিঙ্গাদের জন্য ৭০০ মেট্রিক টন ত্রাণ সামগ্রী পাঠিয়েছে ভারত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য ৭০০ মেট্রিক টন ত্রাণ সামগ্রী পাঠিয়েছে ভারত।

বৃহস্পতিবার ভোরে ভারতের ত্রাণ বোঝাই জাহাজ আইএনএস ঘরিয়াল চট্টগ্রাম বন্দরের এক নম্বর জেটিতে নোঙর করে। চট্টগ্রাম বন্দরের পরিচালক (প্রশাসন) জাফর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

ভারতীয় সহকারী হাই কমিশন সূত্রে জানা গেছে, রোহিঙ্গাদের জন্য পাঠানো আইএনএস ঘরিয়াল নামক জাহাজে ৭০০ মেট্রিক টন ৬০০ কেজি ত্রাণ রয়েছে। এর মধ্যে আছে ভোজ্য তেল, চাল, ডাল, শুকনো খাবার ইত্যাদি।

দুপুরে চট্টগ্রাম বন্দর জেটিতে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা আনুষ্ঠানিকভাবে চট্টগ্রামের জেলা প্রশাসক জিল্লুর রহমান চৌধুরীর কাছে এ সব ত্রাণ হস্তান্তর করেন। এ সময় দুই দেশের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।