‘রোহিঙ্গাদের ফেরত পাঠাতে আন্তর্জাতিক চাপ সৃষ্টি করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার’

রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে আন্তর্জাতিক ও কূটনৈতিক চাপ সৃষ্টি করার জন্য সরকার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান।

শুক্রবার (২৬ আগস্ট) সকালে মাদারীপুর শহরের সেলিনা কমপ্লেক্সে মহিলাবিষয়ক অধিদফতরের সেলস অ্যান্ড ডিসপ্লে সেন্টারের উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

শাজাহান খান বলেন, বিএনপি ক্ষমতায় থাকতে প্রথমে দেশে রোহিঙ্গাদের আশ্রয় না দিলে আজ এমন পরিস্থিতি সৃষ্টি হতো না। জিয়াউর রহমান ও খালেদা জিয়া ক্ষমতায় থাকতে দেশে তিন লাখের বেশি রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছিল। সেই রাস্তা দেখেই পরে কয়েক লাখ রোহিঙ্গা আবার দেশে ঢুকে পড়ে।

আওয়ামী লীগের এ প্রেসিডিয়াম সদস্য আরও বলেন, রোহিঙ্গাদের ওপর যখন চরম আঘাত এসেছে, ধর্ষণ, ঘরবাড়ি পুড়িয়ে দেয়া, এমনকি শিশু হত্যা করেছে মিয়ানমার, তখন প্রতিবেশী দেশ হিসেবে তারা আমাদের দেশে এসেছে। শুরুতে শেখ হাসিনার সরকার তাদের বাধা দিয়েছিল; পরে মানবিক কারণেই আশ্রয় দিয়েছে। শুধু রোহিঙ্গাদের আশ্রয়ই দেয়া হয়নি, এমনকি তাদের জন্য বাসস্থানেরও ব্যবস্থা করা হয়েছে।

তিনি বলেন, বিএনপি বিদেশিদের কাছে শুধু নালিশ দিয়েই যাচ্ছে। বিদেশিরা আমাদের দেশে সহযোগিতা ও পরামর্শ দিতে পারে। কিন্তু এ দেশের হস্তক্ষেপের কোনো সুযোগ নেই। দেশে সামরিক শাসন কিংবা সেনাবাহিনী ক্ষমতায় আসবে, সেই সুযোগ কিংবা পরিবেশ নেই। সংবিধানেও এমন কিছু নেই। আর সেনাবাহিনী সেই কাজটি করবেও না। বিএনপি মনে করছে আন্দোলন-সংগ্রাম করে শেখ হাসিনা সরকারকে হটাবে। এ সরকার আন্দোলন কিংবা সংগ্রাম করে হটানোর মতো দল নয়।