ক্রীড়া ডেস্ক: অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট ম্যাচ জয়ে দুর্দান্ত ভূমিকা রাখায় র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশ দলের তরুণ দুই স্পিনার মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলামের।
আগের অবস্থান থেকে তিন ধাপ এগিয়ে টেস্ট বোলিং র্যাঙ্কিংয়ে ৩০তম অবস্থানে পৌঁছেছেন মিরাজ। ডানহাতি এ স্পিনারের পয়েন্ট এখন ৫১১।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ঢাকা টেস্টের প্রথম ইনিংসে ৩ উইকেট পেয়েছেন মিরাজ। বাংলাদেশের জয়ে সর্বোচ্চ উইকেট শিকারি সাকিবের সঙ্গে ডানহাতি এ স্পিনারের ভূমিকাটাও মনে রাখার মতো। এরপর দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া দলের গুরুত্বপূর্ণ ২টি উইকেট পেয়েছেন ১৯ বছর বয়সি এ অফ স্পিনার।
অন্যদিকে আগের অবস্থান থেকে ৪ ধাপ এগিয়ে র্যাঙ্কিংয়ের ৩২তম অবস্থানে পৌঁছেছেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। তার রেটিং পয়েন্ট ৪৮১।
সফরকারী অস্ট্রেলিয়ার বিপক্ষে ঢাকা টেস্টের প্রথম ইনিংসে ১টি উইকেট পেয়েছেন তাইজুল। তবে দ্বিতীয় ইনিংসে আরও ভয়ঙ্কর রূপে দেখা গেছে তাকে। তুলে নিয়েছেন অস্ট্রেলিয়া দলের ৩টি গুরুত্বপূর্ণ উইকেট।


