র‍্যাঙ্কিংয়ে ক্যারিয়ার সেরা অবস্থানে সোধি-বোল্ট

ক্রীড়া ডেস্ক : দল সিরিজ হেরেছে। তবে ইশ সোধি ও ট্রেন্ট বোল্ট পেলেন ভালো বোলিংয়ের পুরস্কার। টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে ক্যারিয়ার সেরা অবস্থানে উঠেছেন নিউজিল্যান্ডের দুই বোলার।

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ মঙ্গলবার ভারতের কাছে ২-১ ব্যবধানে হারে নিউজিল্যান্ড। এরপরই বুধবার নতুন র‍্যাঙ্কিং প্রকাশ করেছে আইসিসি।

সিরিজে ৫ উইকেট নেওয়া সোধি পাঁচ ধাপ এগিয়ে প্রথমবারের মতো সেরা দশে প্রবেশ করেছেন। এই লেগ স্পিনার আছেন ঠিক দশ নম্বরে।

বোল্ট ১৪ ধাপ এগিয়ে ১৬তম স্থানে উঠেছেন। বাঁহাতি এই পেসার রাজকোটে দ্বিতীয় ম্যাচে ৩৪ রানে ৪টিসহ সিরিজে নেন ৬ উইকেট। আরেক পেসার টিম সাউদি পাঁচ ধাপ এগিয়ে ৮১তম স্থানে আছেন।

ভারতীয় বোলারদের মধ্যে পেসার ভুবনেশ্বর কুমার দুই ধাপ এগিয়ে ২৬তম, লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল ২২ ধাপ এগিয়ে ৩০তম, বাঁহাতি স্পিনার অক্ষর প্যাটেল ১৭ ধাপ এগিয়ে ৬২তম স্থানে আছেন। শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতীয় পেসার জাসপ্রিত বুমরাহ।

ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে চার ধাপ এগিয়ে ১২তম স্থানে আছেন কলিন মানরো। কিউই ওপেনার রাজকোটে অপরাজিত ১০৯ রানের ইনিংস-সহ সিরিজে ১২৩ রান করেছেন।

সিরিজে ১০৪ রান করে শীর্ষস্থান আরো মজবুত করেছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। এই সিরিজে তিনি অর্জন করেছেন ১৩ পয়েন্ট। দ্বিতীয় স্থানে থাকা অ্যারন ফিঞ্চের সঙ্গে তার পয়েন্টের ব্যবধান বেড়ে হয়েছে ৪০।

ভারতীয় ওপেনার রোহিত শর্মা তিন ধাপ এগিয়ে ২১তম স্থানে আছেন। আরেক ওপেনার শিখর ধাওয়ান ২০ ধাপ এগিয়ে ৪৫তম স্থানে উঠেছেন।

ভারতের কাছে সিরিজ হেরে টি-টোয়েন্টির র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থানও খুইয়েছে নিউজিল্যান্ড। ১২৫ থেকে নিউজিল্যান্ডের পয়েন্ট কমে এখন ১২০। কিউইরা দুইয়ে নেমে যাওয়ায় ১২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পাকিস্তান।

নিউজিল্যান্ডের সমান পয়েন্ট ওয়েস্ট ইন্ডিজেরও, তবে কিউইরা ভগ্নাংশের ব্যবধানে এগিয়ে আছে। এই সিরিজে তিন পয়েন্ট পেয়েও ইংল্যান্ডের (চতুর্থ) নিচেই আছে ভারত (পঞ্চম)। দুই দলের পয়েন্টই এখন ১১৯ করে।