লকডাউন না মানায় রাজধানীতে গ্রেপ্তার ২৮১

মহামারি করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে সরকার ঘোষিত বিধিনিষেধের মধ্যে ‘জরুরি প্রয়োজন ছাড়া’ রাস্তায় বের হওয়ায় রাজধানীর কয়েকটি এলাকা থেকে ২৮১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (১ জুলাই) তেজগাঁও, শাহবাগ, রমনা, মোহাম্মদপুর ও মিরপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) মাহাতাব উদ্দিন জানান, লকডাউন না মানায় এখন পর্যন্ত মিরপুর অঞ্চলেই আটক হয়েছেন শতাধিক। মামলা হয়েছে অর্ধশত। এ ছাড়া লকডাউন ভঙ্গ করায় ডিএমপির তেজগাঁও বিভাগে এখন পর্যন্ত ১৬৭ জন আটক হয়েছে।

করোনা সংক্রমণ রোধে বৃহস্পতিবার থেকে দেশব্যাপী শুরু হয়েছে ৭ দিনের কঠোর বিধিনিষেধ। যেখানে সর্বোচ্চ কঠোর অবস্থায় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্ব পুলিশের পাশাপাশি চেকপোস্ট বসিয়ে তৎপর রয়েছে সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব। জরুরি প্রয়োজন ছাড়া বের হলেই মুখোমুখি হতে হচ্ছে জিজ্ঞাসাবাদের। পড়তে হচ্ছে জেল জরিমানার মুখোমুখি। মানুষ সচেতন না হলে প্রয়োজনে আরও কঠোর হওয়ার ইঙ্গিত দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।