জেলা প্রতিবেদকঃ প্রাণঘাতী করোনা ভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ ঝুঁকি মোকাবেলায় ব্রাহ্মণবাড়িয়া জেলাকে লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসক।
শনিবার (১১ এপ্রিল) দুপুরে জেলা কমিটির সভায় এ সংক্রান্ত ঘোষণা দেন জেলা প্রশাসক। সন্ধ্যা ৬টায় থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।
জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খান জানান, জেলায় অন্য জেলার জনসাধারণের প্রবেশ ও প্রস্থান নিষিদ্ধ করা হলো। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জাতীয় ও আঞ্চলিক সড়ক, মহাসড়ক ও নৌপথে অন্য কোনো জেলা থেকে কেউ এ জেলায় প্রবেশ করতে কিংবা এ জেলা থেকে অন্য কোনো জেলায় যেতে পারবেন না। জেলার অভ্যন্তরে আন্তঃউপজেলা যাতায়াতের ক্ষেতে একই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। সব ধরনের গণপরিবহন, জনসমাগম বন্ধ থাকবে।
তবে জরুরি পরিসেবা, চিকিৎসা সেবা, কৃষি পণ্য, খাদ্যদ্রব্য সরবরাহ ও সংগ্রহ ইত্যাদি এর আওতা বহির্ভূত থাকবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনস্বার্থে এ আদেশ বলবৎ থাকবে। এ আদেশ অমান্যকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সভায় জেলা প্রশাসক ছাড়াও অংশগ্রহণ করেন পুলিশ সুপার আনিসুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক শামসুজ্জামান, সিভিল সার্জন একরাম উল্লাহ, পৌর মেয়র নায়ার কবির, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, ২৫০শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক শওকত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।


