লক্ষ্মীপুরে প্রেমিক-প্রেমিকার ঝুলন্ত লাশ উদ্ধার

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরমোহনা ইউনিয়নে প্রেমিক-প্রেমিকার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে চরমোহনা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের দর্জি বাড়ির মোঃ বাবুলের ছেলে শাহাবুদ্দিন (২৬) ও একই বাড়িতে ৭নং ওয়ার্ডের বাসিন্দা শহীদ মিয়ার মেয়ে স্মৃতি আক্তারের (২০) লাশ উদ্ধার করেছে রায়পুর থানা পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, শাহাবুদ্দিন ও স্মৃতির মাঝে দীর্ঘদিন যাবৎ প্রেমের সম্পর্ক ছিলো। পারিবারিকভাবে জানাজানি হওয়ার পর সম্পর্কটি মেনে না নেওয়ায় প্রথমে শাহাবুদ্দিন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। তার মৃত্যুর সংবাদ শুনে প্রেমিকা স্মৃতি আক্তার এক ঘন্টা পর আত্মহত্যা করেন।

এ বিষয়ে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করি। মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।