ক্রীড়া প্রতিবেদক, মিরপুর থেকে : ঢাকা টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশ গুটিয়ে যায় মাত্র ২৬০ রানে! দলের হয়ে সর্বোচ্চ ৮৪ রান করেন সাকিব আল হাসান। দলের সর্বোচ্চ স্কোরার সাকিবের দাবি ব্যাটিংয়ে বাংলাদেশ যে লক্ষ্য নিয়ে এগিয়েছিল সেই লক্ষ্য পূরণ হয়েছে।
টস জিতে বাংলাদেশের লক্ষ্য কত ছিল সেটাই বড় প্রশ্ন? রোববার ঢাকা টেস্টের প্রথম দিন শেষে সংবাদ সম্মেলনে দলের প্রতিনিধি হয়ে আসা সাকিব আল হাসান বলেন, ‘আমাদের লক্ষ্য ছিল আড়াইশর মতো করা। যেটা করতে পেরেছি।’ মুশফিকুর রহিম ম্যাচ শুরুর আগে বলেছিলেন, ‘প্রথম ইনিংস বেশ গুরুত্বপূর্ণ। যারা প্রথম ইনিংসে এগিয়ে থাকবে তাদের ভালো ফলের সুযোগ থাকবে।’ বাংলাদেশ টস জিতে প্রথম ইনিংসে এতো অল্প রানের টার্গেট করবে কেন? সাকিবের উত্তর, ‘বল কিন্তু প্রথম থেকেই ঘুরছিল। ব্যাটিং করা এতটাও সহজ ছিল না।’
লক্ষ্য পূরণে সাকিব-তামিমের সঙ্গে পার্শ্বনায়কের ভূমিকায় ছিলেন দলে ফেরা নাসির হোসেন ও শফিউল ইসলাম। মেহেদী হাসান মিরাজও কম যাননি। নাসির ২৩, মেহেদী ১৮ এবং শফিউল ১৩ রান করে। লক্ষ্য পূরণে তাদের অবদানকে বড় করে দেখছেন সাকিব, ‘নাসির-মিরাজ ও শফিউলের ব্যাটিং খুব গুরুত্বপূর্ণ ছিল। মিরাজ ও নাসিরের জুটিটা ভালো হচ্ছিল। ওরা ৪২ রান করে ফেলেছিল। রিভিউ থাকলে আরো ভালো করতে পারত।’
ব্যাটিংয়ে দুটি রিভিউ নষ্ট করেছে বাংলাদেশ। সাব্বির রহমান শুরুতেই ক্যাচ দেয়ার পরও রিভিউ চেয়ে বসেন। অন্যদিকে মুশফিক রিভিউ চান স্পিনার অ্যাস্টন অ্যাগারের বলে। সাব্বিরের রিভিউ নিয়ে সাকিব কোনো মন্তব্য করেননি। তবে রিভিউয়ের ব্যাবহারে বাড়তি মনোযোগের ইঙ্গিত দিয়েছেন সাকিব। এক প্রশ্নের জবাবে বলেন, ‘আমার মনে হয় রিভিউ এখন অনেক গুরুত্বপূর্ণ। কারণ মিরাজেরটা আউট ছিল না। মিরাজের সময় রিভিউ থাকলে সেটা নেয়া যেত। তাহলে স্কোরও বড় হত।’


