লজ্জাজনক হারকে সঙ্গী করল বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক : পচেফস্ট্রুমে পুরো দিন কাটিয়ে দেওয়ার স্বপ্ন নিয়েই আজ পঞ্চম দিনে মাঠে নেমেছিল বাংলাদেশ। কিন্তু দুঃস্বপ্নের ব্যাটিংয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এক সেশেনও টিকতে পারল না তারা। আর তাই দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে ৩৩৩ রানের লজ্জাজনক হারকে সঙ্গী করল মুশফিকুর রহিমের দল।

বাংলাদেশকে লজ্জাজনক হার উপহার দিতে দ্বিতীয় ইনিংসে মাত্র ৯০ রানেই সফরকারীদের গুড়িয়ে দিয়েছে দক্ষিণ আফ্রিকা। এ রান তুলতে দ্বিতীয় ইনিংসে মাত্র ৩২.৪ ওভার ব্যাট করতে পেরেছে বাংলাদেশ।

গতকাল চতুর্থ দিনেই চা বিরতির আগে ৩ উইকেট হারানোয় বড় ব্যবধানে হারের শঙ্কায় ছিল বাংলাদেশ। কিন্তু সেই হারের কাজটি আজ এত দ্রুত হবে সেটি হয়তো ভাবেনি অনেকেই। চতুর্থ দিনে বাংলাদেশ ইনিংসের বিপর্যয়ের সূচনাটা করেছিলেন প্রোটিয়া পেসার মরনে মরকেল। পেশিতে চোট নিয়ে আজ খেলাতে না পারাটা হয়তো মাঠে নামার আগেই স্বস্তির খবর ছিল বাংলাদেশি ব্যাটসম্যানদের কাছে। কিন্তু তাকে ছাড়াই তরুণ পেসার কাগিসো রাবাদা ও কেশব মহারাজদের বোলিং তোপে আজ সকালে দেড় ঘন্টা না যেতেই অলআউট বাংলাদেশ।

প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার ৪৯৬ রানের জবাবে ৩২০ রান করেছিল বাংলাদেশ। এরপর গতকাল ৬ উইকেটে ২৪৭ রান তুলে ইনিংস ঘোষণা দিলে জয়ের জন্য ৪২৪ রানের বড় লক্ষ্য পায় টাইগাররা। সেই লক্ষ্য তাড়ায় প্রোটিয়া পেসারদের বিপক্ষে অসহায় মনে হয়েছে বাংলাদেশের ব্যাটসম্যানদের।

ব্যাট হাতে গতকাল শূন্যরানেই সাজঘরে ফেরেন দেশসেরা ওপেনার তামিম। তার সঙ্গে চা বিরতির আগেই ফেরেন মুমিনুল ও আরেক ওপেনার ইমরুল কায়েস (৩২)। এরপর অধিনায়ক মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান কিংবা লিটন দাসরা নিজেদের সর্বোচ্চটা দিয়েই চেষ্টা করবেন—এমন প্রত্যাশাই ছিল টাইগার ভক্তদের। কিন্তু ঘরের মাটিতে বছর জুড়ে দারুণ পারফর্ম করা এসব ব্যাটসম্যানরা বিদেশের মাটিতেই ব্যর্থ হলেন খুব বাজেভাবেই।

ঘরের মাঠে আজ ৪ ওভারেই ৩ উইকেট নিয়ে বাংলাদেশকে টেনে নামান রাবাদা। দিনের শুরুতে অফ-স্টাম্পের বাইরের লাফিয়ে ওঠা বলে খোঁচা দিয়ে ১৬ রানে ফিরেছেন অধিনায়ক মুশফিকুর রহিম। প্রথম স্লিপে মুশফিকের ক্যাচ নিয়েছেন হাশিম আমলা। ২ ওভার পরে শর্ট বল সামলাতে না পেরে ৯ রান করে ‘প্লেড অন’মাহমুদউল্লাহ। এরপর রাবাদার বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ে লিটন দাস বিদায় নেন।

রাবাদার সঙ্গে পাল্লা দিয়ে ৪ উইকেট তুলে নিয়েছেন কেশব মহারাজ। তার বলে গতকাল চা বিরতির আগেই ফিরেছিলেন ইমরুল। আজ সাব্বির রহমান, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমানকে ফেরান তিনি। এমন বাজে ব্যাটিংয়ে শেষ পর্যন্ত ৩৩৩ রানের হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে বাংলাদেশ। রানের দিক দিয়ে এটি বাংলাদেশের তৃতীয় বৃহত্তম হার। শেষদিনে মাটি কামড়ে পড়ে থাকার কথা ছিল বাংলাদেশি ব্যাটসম্যানদের। কিন্তু প্রোটিয়া বোলাররা সফরকারীদের সে সুযোগ দিলেন কোথায়?