লর্ডসে ঐতিহাসিক ম্যাচ খেলতে দেশ ছেড়েছে আফগানিস্তান ক্রিকেট দল

ক্রীড়া ডেস্ক : ম্যারিলেবন ক্রিকেট ক্লাবের (এমসিসি) বিশ্বসেরা একাদশের বিপক্ষে একটি প্রদর্শনী ম্যাচ খেলতে আজ বুধবার দেশ ছেড়েছে আফগানিস্তান ক্রিকেট দল। ৫০ ওভারের ম্যাচটি অনুষ্ঠিত হবে এমসিসির মাঠ ঐতিহাসিক লর্ডসে। ১১ জুলাই ম্যারিলেবন ক্রিকেট ক্লাবের বিশ্বসেরা একাদশের বিপক্ষে মাঠে নামবে আফগানিস্তান।

এই ম্যাচকে সামনে রেখে ২৯ জুন দল ঘোষণা করে আফগানিস্তান। এমসিসিকে নেতৃত্ব দিবেন ব্রেন্ডান ম্যাককালাম। আর আফগানিস্তানের অধিনায়কের দায়িত্ব পালন করবেন আসগর স্টানিকজাই।

এই ম্যাচটি অবশ্য গেল এপ্রিলে চূড়ান্ত হয়। তখন আফগানিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান আতিফ মাশাল ও ম্যারিলেবন ক্রিকেট ক্লাবের চেয়ারম্যান এক সাক্ষাতে ম্যাচের বিষয়টি চূড়ান্ত করেন। আফগানিস্তান ক্রিকেট বোর্ডের মতে এটা আফগানিস্তানের ক্রিকেটের জন্য নতুন একটি অধ্যায়। নতুন একটি ইতিহাস। আন্তর্জাতিক পর্যায়ে নতুন অভিজ্ঞতা অর্জন করতে এটি আফগান ক্রিকেটারদের বেশ কাজে দেবে।

এমসিসির স্কোয়াড : ব্রেন্ডান ম্যাককালাম (অধিনায়ক), কুমার সাঙ্গাকারা, মিসবাহ-উল-হক, শিব নারায়ন চন্দরপল, সামিত প্যাটেল, ক্রিস রেড (উইকেটরক্ষক), জর্জ ডকরেল, ক্রিস রুশওর্থ, স্টুয়ার্ড মিয়েকার, ইউনুস খান ও টিম মুরতাগ।

আফগানিস্তানের স্কোয়াড : আসগর স্টানিকজাই (অধিনায়ক), নূর আলী জাদরান, সলিমুল্লাহ শেনওয়ারি, মোহাম্মদ নবী, সাদিকুল্লাহ শফিক, গুলবাদিন নায়েব, রশিদ খান, জাভেদ আহমাদি, দাওলাত জাদরান, শাপূর জাদরান, রহমত শাহ, আফসার জাজাই, নাসির জামাল ও ফরিদ আহমত মালিক।

২২ জুন টেস্ট স্ট্যাটাস লাভ করেছে আফগানিস্তান। তাদের সঙ্গে একই দিনে টেস্ট স্ট্যাটাস পেয়েছে আয়ারল্যান্ডও। টেস্ট ক্রিকেটের নবীন দুই সদস্য তাদের টেস্ট স্ট্যাটাস পরবর্তী সূচি সাজাচ্ছে।