লাহোরে সড়ক দুর্ঘটনার কবলে পড়ে আহত মোহাম্মদ আসিফ

স্পোর্টস ডেস্ক: লাহোরে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন পাকিস্তানি পেসার মোহাম্মদ আসিফ। শুধু তিনি নন, সোমবারের এই দুর্ঘটনায় আহত হয়েছেন তার স্ত্রী এবং দুই কন্যাও। আহত অবস্থায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার সকালে পরিবার নিয়ে গাড়ি ড্রাইভিংয়ে বেরিয়েছিলেন আসিফ। দুর্ঘটনাটি ঘটেছে লাহোরের রাস্তায়। দ্রুতগতিতে বিপরীত দিক থেকে আসা একটি যানকে এড়াতে গিয়েই ফুটপাথে গাড়ি তুলে দেন ৩৫ বছর বয়সী এই পেসার। দুর্ঘটনায় তিনি এবং তার পরিবারের সদস্যরা মাথায় আঘাত পেয়েছেন।

ঘটনার পর উদ্ধারকারী দল আসিফ ও তার পরিবারকে দ্রুত একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর সার্ভিস হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাদের।

জানা গেছে, দুর্ঘটনায় আহত হলেও বড় ধরণের বিপদ থেকে বেঁচে গেছেন আসিফ ও তার পরিবার। তারপরও ডাক্তার তাদের সবার সিটি স্ক্যান করানোর পরামর্শ দিয়েছেন।

২০০৫ সালে পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক আঙিনায় অভিষেকেই সাড়া ফেলে দিয়েছিলেন আসিফ। দুর্দান্ত সুইংয়ের জন্য তাকে কিংবদন্তি ফাস্ট বোলারদের সঙ্গে তুলনা করা হচ্ছিল তখনই। কিন্তু ২৩ টেস্টে ১০৬ উইকেট শিকারি এই পেসার ২০১০ সালে ইংল্যান্ডে স্পট ফিক্সিংয়ের দায়ে নিষিদ্ধ হন।