ক্রীড়া ডেস্ক : সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম হওয়ায় ধর্মের প্রতি সাদিও মানের ভালোবাসাটা শৈশব থেকেই। দক্ষিন সেনেগালের ছোট্টগ্রাম বামবিলে জন্ম নেওয়া মানের বাবা ছিলেন স্থানীয় মসজিদের ইমাম। লিভারপুলের মতো বিশ্বসেরা ক্লাবে বড় তারকা হয়েও ইসলাম ধর্মের প্রতি ভালোবাসা অতটুকু কমেনি তার। ইংলিশ লিগের অন্যতম সেরা ক্লাব লিভারপুলে সপ্তাহে ৯০ হাজার পাউন্ড সম্মানী পান মানে। বাংলা টাকায় হিসেব করলে যা দাঁড়ায় প্রায় ৯৭ লাখ ২০ হাজারে। এত মোটা সম্মানীর এই তারকাকে শনিবার লিভারপুলের স্থানীয় মসজিদের বাথরুম পরিস্কার করতে দেখা গেছে। লেস্টার সিটির বিপক্ষে শনিবার ২-১ গোলে জয় পায় লিভারপুল। অলরেডসদের ওই জয়ে দলের হয়ে প্রথম গোলটি করেন মানে। দলের জয়ের পর লিভারপুলের স্থানীয় একটি মসজিদে বাথরুমের অযুখানা পরিস্কার করতে দেখা গেছে তাকে। এক ভিডিওতে দেখা যায় এক কিশোরের সঙ্গে অযুখানা পরিস্কার করতে বালতিতে পানি নিচ্ছেন মানে। ওই ভিডিওর একটি ফুটেজ এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। টুইটারে ওই ফুটেজে ৯ হাজার রিটুইট ও ১৮ হাজার লাইক পড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইারাল হওয়া ওই ছবিটি লিভারপুলের আল রাহমা মসজিদের। অলরেডসদের হয়ে গোল পাওয়ার পর মুসলিম রীতিতে সিজদাহ দিয়ে গোল উদযাপন করেন সেনেগাল এ তারকা। তবে ধর্মের প্রতি মানের অনুরাগ আরো আগে থেকেই। ২০১৬ সালে সাউদাম্পটন থেকে লিভারপুলে যোগ দিয়েছিলেন মানে। ওই সময় সেনেগালের এক প্রতিনিধি জানিয়েছিলেন মানের গ্রামের একটি মসজিদ পুনঃনির্মান করতে নাকি অর্থ সহায়তা করেছিলেন তিনি। চলতি মৌসুমে লিভারপুলের শতভাগ জয়ের ধারা ধরে রাখতে এখন পর্যন্ত ৪ গোল পেয়েছেন মানে। ওয়েস্টহামের বিপক্ষে মৌসুমের প্রথম লিগ ম্যাচে জোড়া গোল পান তিনি। এরপর ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে জয়ে শেষ মুহূর্তে গোল পান। আর সবশেষ শনিবার লিচেস্টারের বিপক্ষে গোল পেলেন সেনেগাল এ তারকা।
https://youtu.be/TsXMVuJrCHo


