লিভারপুলে শাকিরি

ক্রীড়া ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব স্টোক সিটির হয়ে খেলছেন সুইজারল্যান্ডের মিডফিল্ডার জার্দান শাকিরি। কিন্তু গেল মৌসুমে প্রিমিয়ার লিগ থেকে রেলিগেটেড হয়ে গেছে ক্লাবটি। তখনই বোঝা গিয়েছিল শাকিরি দল পাল্টাচ্ছেন।

কিন্তু এর মধ্য বিশ্বকাপের দামাম বেজে ওঠায় সেটা আর হয়ে ওঠেনি। সুইজারল্যান্ডের হয়ে বিশ্বকাপে প্রত্যেকটা ম্যাচেই খেলেছেন তিনি। গ্রুপপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে সার্বিয়ার বিপক্ষে গোল করে দলকে শেষ ষোলোর টিকিট পাইয়ে দিয়েছেন। নকআউট পর্বে সুইডেনের বিপক্ষে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় তারা। বিশ্বকাপ শেষে শাকিরি নতুন দল পেয়েছেন। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লিভারপুল দলে ভিড়িয়েছে তাকে। ১৩ মিলিয়ন ইউরোতে লম্বা সময়ের জন্য লিভারপুলের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন ২৬ বছর বয়সী শাকিরি।

কসোভো থেকে শরনার্থী হয়ে সুইজারল্যান্ডে আসা শাকিরি তার পেশাদার ফুটবল ক্যারিয়ার শুরু করেন সুইস ক্লাব বাসেল দিয়ে। সেখান থেকে ২০১২ সালে জার্মান বুন্দেসলিগার ক্লাব বায়ার্ন মিউনিখে যোগ দেন। তিন বছর পর ২০১৫ সালে তিনি ইতালিয়ান সিরি’আ লিগের ক্লাব ইন্টার মিলানে যোগ দেন। সে বছরই তিনি যোগ দেন ইংল্যান্ডের ক্লাব স্টোক সিটিতে। তিন বছর সেখানে কাটিয়ে এবার যোগ দিলেন লিভারপুলে।