লুকাকুর জোড়া গোলে বিধ্বস্ত রাশিয়া

প্রত্যাশিত জয়ে ইউরোতে শুভ সূচনা করলো শিরোপার অন্যতম দাবিদার বেলজিয়াম। রোমেলু লুকাকুর জোড়া গোলে রাশিয়াকে ৩-০ গোলে হারাল রবার্তো মার্টিনেজের দল। বেলজিয়ানদের হয়ে অন্য গোলটি করেন তমা মুনিয়ে।

কাগজে কলমে কিংবা সাম্প্রতিক পারফরম্যান্সে রাশিয়ার চেয়ে অনেকটাই এগিয়ে ছিল বেলজিয়াম। শুধু তাই নয় বাছাইপর্বের ১০ ম্যাচের সবকটিতে জিতে শতভাগ আত্মবিশ্বাস নিয়ে মাঠে নেমেই বাজিমাত মার্টিনেজ শিষ্যদের। রাশিয়ানদের বিপক্ষে পুরো ম্যাচে আলো ছড়ালেন রোমেলু লুকাকু। সবমিলিয়ে দাপুটে ফুটবল উপহার দিয়ে ইউরো মিশন শুরু করলো আসরের অন্যতম শিরোপার দাবিদার বেলজিয়াম।

যদিও সেন্ট পিটার্সবার্গে নিজেদের গুছিয়ে নিতে কিছুটা সময় নেয় বেলজিয়ানরা। তবে ম্যাচের ১০ মিনিটে রাশিয়ান ডিফেন্সের ভুলে সুযোগটা কাজে লাগায় অতিথিরা। রোমেলু লুকাকুর দারুণ গোলে লিড নেয় বেলজিয়াম। পিছিয়ে পড়ে গোলশোধে মরিয়া হয়ে ওঠে রাশিয়া। কিন্তু প্রতিপক্ষের রক্ষণদেয়াল ভাঙ্গতে পারেনি স্বাগতিক ফরোয়ার্ডরা। তবে প্রথমার্ধে ৬৮ শতাংশ বল পায়ে রাখা বেলজিয়ানরা ব্যবধান দ্বিগুণ করেন ৩৪ মিনিটে। ডি বক্সে অনেকটা ফাঁকায় বল পেয়ে গোল করতে বিন্দুমাত্র ভুল করেননি মুনিয়ে। এরপর ২ গোলের লিড নিয়ে বিরতিতে যায় মার্টিনেজের দল।

অবশ্য বিরতির পর বল দখলে রাখলেও লিড বাড়াতে পারছিলো না বেলজিয়াম। বিপরীতে রাশিয়ানরাও মুহুর্মুহু অ্যাটাক করেও ব্যবধান কমাতে পারেনি। তবে নির্ধারিত সময়ের ২ মিনিট আগেই মাঝমাঠ থেকে পাওয়া থ্রু পাস থেকে নিখুঁত শটে নিজের দ্বিতীয় গোল করেন লুকাকু। স্কোর লাইন দাঁড়ায় ৩-০।

শেষ দিকে আক্রমণ পাল্টা আক্রমণে ম্যাচ জমে ওঠলেও রেফারির বাঁশি বাজতেই প্রত্যাশিত জয় পায় বেলজিয়াম। বৃহস্পতিবার (১৭ জুন) নিজেদের দ্বিতীয় ম্যাচে ডেনমার্কের মুখোমুখি হবে রবার্তো মার্টিনেজের দল।