শরীয়তপুর: শরীয়তপুর সদর উপজেলার কোটাপাড়া বিসিক শিল্পনগরী এলাকায় কুদ্দুস মণ্ডল (৫০) নামে এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৩০ অক্টোবর) বেলা ১১টার দিকে থেকে মরদেহটি উদ্ধার করা হয়। কুদ্দুস ঝিনাইদহের শৌলকুপা উপজেলার হাবিদপুর গ্রামের বাসিন্দা। তিনি শরীয়তপুর সদর উপজেলার চরপালং গ্রামের বাদল বেপারীর বাড়িতে ভাড়া থাকতেন।
পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম উদ্দিন বাংলানিউজকে জানান, চার থেকে পাঁচদিন আগে কুদ্দুস তার অটোরিকশাসহ নিখোঁজ হন। বুধবার সকালে ওই এলাকায় পরিত্যক্ত একটি টিনের ঘরে তার মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।


