সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নে ঐতিহাসিক বাসিয়া খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (২ মে) বেলা একটায় মাসুকবাজার এলাকায় কুদাল হাতে খাল খনন কর্মসূচির উদ্বোধন করেন তিনি। পরে খালের পাড়ে বৃক্ষরোপণ কার্যক্রমেও অংশ নেন তিনি। অনুষ্ঠানস্থলটি সেই জায়গার কাছাকাছি, যেখানে একসময় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খাল খনন কর্মসূচিতে অংশ নিয়েছিলেন বলে স্থানীয়রা জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তারেক রহমান বলেন, ১৯৭৭ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই বাসিয়া খাল খননের উদ্যোগ নিয়েছিলেন। দীর্ঘদিন অবহেলায় খালটি ভরাট হয়ে প্রায় অচল হয়ে গেছে। পুনঃখননের মাধ্যমে প্রায় ৮০ হাজার কৃষক সরাসরি উপকৃত হবেন এবং পরোক্ষভাবে আরও দেড় লাখ কৃষকের জীবনে ইতিবাচক পরিবর্তন আসবে।
তিনি আরও বলেন, প্রকল্পটি সম্পন্ন হলে বছরে প্রায় সাত হাজার টন অতিরিক্ত ফসল উৎপাদনের সম্ভাবনা তৈরি হবে।
প্রায় ৪০ কিলোমিটার দীর্ঘ খালের মধ্যে প্রথম ধাপে ২৩ কিলোমিটার খনন ও বৃক্ষরোপণের পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, এই কাজ সম্পন্ন করতে দুইটি শুষ্ক মৌসুম লাগতে পারে। আগামী নভেম্বর থেকে পুনর্খনন কাজ শুরু করে দ্রুত শেষ করার চেষ্টা করা হবে। একই সঙ্গে দুই পাড়ে ৫০ হাজার বৃক্ষরোপণ করা হবে, যার মধ্যে ফলজ গাছও থাকবে।
স্থানীয় কৃষকদের সুবিধার কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, বিএনপি সবসময় কৃষকবান্ধব কর্মসূচিকে অগ্রাধিকার দিয়ে আসছে। সারা দেশেই এ ধরনের খাল পুনর্খননের উদ্যোগ নেওয়া হবে।
নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতির কথা উল্লেখ করে তিনি বলেন, আমরা বলেছিলাম যদি ক্ষমতায় আসতে পারি কৃষক ভাইদের জন্য কৃষি কার্ড প্রদান করব। আপনারা নিশ্চয়ই পত্রপত্রিকায় দেখেছেন আমরা ইতোমধ্যে এই কার্যক্রম শুরু করেছি। কৃষকদের জন্য সুদমুক্ত ঋণ প্রদান করব। নির্বাচনের পর দায়িত্বগ্রহণের ১০ দিনের মধ্যে ১২ লাখ কৃষকের কৃষিঋণ মওকুফ করে দিয়েছি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির এমপি, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।
স্থানীয়দের ভাষ্য, ১৯৭৭ সালে এবং ১৯৮১ সালের আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজে এই খাল খনন কার্যক্রম পরিদর্শন করেছিলেন। পরে দীর্ঘ সময় প্রকল্পটি বন্ধ হয়ে যায় এবং খালটি ধীরে ধীরে ভরাট হয়ে পড়ে।
দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে তারেক রহমান সিলেটে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেন। সকালে তিনি হজরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত করেন। পরে বন্যা নিয়ন্ত্রণ ও জলাবদ্ধতা নিরসনে সাড়ে ৭০০ কোটি টাকার একটি প্রকল্প উদ্বোধন করেন। বিকেলে সিলেট জেলা স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টস কার্যক্রমের উদ্বোধন এবং সন্ধ্যায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেওয়ার কথা রয়েছে তার। রাতেই ঢাকার উদ্দেশে তার ফেরার কথা রয়েছে।


