মিনিস্টার রাজশাহী অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে বিধ্বংসী সেঞ্চরি উপহার দিয়েছেন। তার ৫৫ বলে ১০৯ রানে ভর করে রীতিমতো রান পাহাড় গড়েছে রাজশাহী। আরেক ওপেনার আমিনুল ইসলাম ইমনও দুর্দান্ত হাফ সেঞ্চুরি উপহার দিয়েছেন। ওপেনিং জুটি হয়েছে শতাধিক রানের। নির্ধারিত ২০ ওভারে তাদের সংগ্রহ ৭ উইকেটে ২২০ রান।
টসে হেরে ব্যাটিংয়ে নেমে বিধ্বংসী শুরু করেন শান্ত। তাকে যোগ্য সঙ্গ দিয়ে যান আরেক ওপেনার আনিসুল ইসলাম ইমন। ১২.২ ওভারে উদ্বোধনী জুটিতে আসে ১৩১ রান! ইমন ৩৯ বলে ৭ চার ৩ ছক্কায় ৬৯ রানে সুমন খানের বলে আফিফ হোসেনের তালুবন্দি হলে ভাঙে এই জুটি। এরপর শুরু হয় শান্তর একক ব্যাটিং প্রদর্শনী। বাকিরা কেবল তাকে সঙ্গ দিয়ে যান।
৫১ বলে ৯৬ রান করা শান্ত ১৯তম ওভারের দ্বিতীয় বলে তাসকিন আহমেদকে বিশাল ছক্কা মেরে তিন অংকে পৌঁছান। তার ১০৯ রানের ইনিংসে ছিল ৪টি চার এবং ১১টি ছক্কা! তিনি আউট হয়েছেন কামরুল ইসলাম রাব্বির করা শেষ ওভারের দ্বিতীয় বলে বরিশাল অধিনায়ক তামিম ইকবালের তালুবন্দি হয়ে। পরবর্তী ব্যাটসম্যানদের মধ্যে রনি তালুকদার (১৮), নুরুল হাসান (১২) ছাড়া কেউ দুই অংক ছুঁতে পারেনি। রাজশাহীর স্কোর দাঁড়িয়েছে ৭ উইকেটে ২২০ রান।


