শান্তিনগরে বাসচাপায় এক নারীর পা থেঁতলে গেছে

ঢাকা: রাজধানীর শান্তিনগরে বাসচাপায় শিরিন আক্তার রুমা (৩৫) নামে এক নারীর পা থেঁতলে গেছে। মঙ্গলবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত শিরিনের স্বামী শফিকুল ইসলাম জানান, তাদের বাসা কদমতলীর দক্ষিণ দনিয়ায়। শিরিন শান্তিনগর কোয়ান্টাম ব্লাড ব্যাংকে চাকরি করেন। সকালে সে মিরপুরে তার বাবার বাসা থেকে একটি বাসে করে শান্তিনগর আসছিলেন। শান্তিনগরে বাস থেকে নামার সময় বাসটি একেবারে না থেমে চলন্ত অবস্থাই ছিল। তখন নামতে গিয়ে বাসের চাকার নিচে পড়ে থেঁতলে যায় শিরিনের পা। ঢামেক হাসপাতালের ক্যাজুয়ালটি কনসালট্যান্ট ডা. ফারুক হাসান জানান, ওই নারীকে কৃত্রিম শ্বাস প্রশ্বাসে রাখা হয়েছে। ফেরার সম্ভাবনা খুবই কম। কোমড় থেকে হাঁটু পর্যন্ত তার পা থেঁতলে গেছে। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া বাংলানিউজকে জানান, ওই নারীর ডান পা পুরোটাই থেঁতলে গেছে। তার অবস্থা খুবই গুরুতর। বিপি পাওয়া যাচ্ছে না। চিকিৎসকরা চেষ্টা করে যাচ্ছেন।