শারাপোভার চোখ ২০জুন টুর্নামেন্ট আয়োজকদের বিশেষ মিটিংয়ের উপর

ক্রীড়া ডেস্ক: ডোপ টেস্টে পজিটিভ ধরা পড়ায় ১৫ মাস খেলার বাইরে ছিলেন মারিয়া শারাপোভা। দীর্ঘ দিন টেনিস কোর্টের বাইরে থাকায় পর্যাপ্ত ম্যাচ খেলতে পারেননি রাশিয়ান এ টেনিস ললনা। ফলে উম্বলডন ওপেনে খেলার জন্য যে রেটিং পয়েন্ট দরকার তা নেই তার।

তবে মর্যাদার উম্বলডনে খেলতে শারাপোভাকে চোখ রাখতে হবে ২০জুন টুর্নামেন্ট আয়োজকদের বিশেষ মিটিংয়ের উপর। তারা বিবেচনা করলেই কেবল কোর্টে দেখা যাবে প্রাক্তন উম্বলডন বিজয়ী শারাপোভাকে।

উম্বলডনের আগে রোম ও মাদ্রিদ ওপেনে খেলবেন শারাপোভা। এই দুই টুর্নামেন্টে রেটিং পয়েন্ট বাড়ানোর সুযোগ থাকলেও উম্বলডনের জন্য তা যথার্থ হবে না। শারাপোভাকে টুর্নামেন্টে সুযোগ দেওয়া প্রসঙ্গে অল ইংল্যান্ড ক্লাব চেয়ারম্যান ফিলিপ ব্রুক বলেন, ‘আমরা দীর্ঘ মেয়াদী একটি বাছাই প্রক্রিয়ার মধ্যে রয়েছি। অন্যবারের মতো এ বছরটিও ভিন্ন নয়। প্রথমে আমরা দেখব মারিয়া যদি ওয়াইল্ড কার্ডের জন্য আবেদন করে তবে আমরা তার বিষয়টি বিশেষভাবে বিবেচনা করবো। মিটিংয়ের দিন গ্রুপ থেকে ওই সিদ্ধান্ত আসতে পারে।’

২০১৬ সালে নিষেধাজ্ঞার পর স্টুটগার্ট ওপেন দিয়ে টেনিসে ফেরেন শারাপোভা। গত সপ্তাহে ওই টুর্নামেন্টে সেমিফাইনাল থেকে ছিটকে পড়েন তিনি। মহিলা এককে বর্তমানে তার র‌্যাঙ্কিং ২৬২। উইম্বলডন ওপেনে ওয়াইল্ড কার্ডের জন্য র‌্যাঙ্কিংয়ের শেষ সীমা ২২ মে পর্যন্ত। তবে ওই সময়ে র‌্যাঙ্কিংয়ে বিপ্লব ঘটানোর সুযোগ নেই শারাপোভার সামনে।