শিবগঞ্জে নদীতে ডুবে ২ শিশুর মৃত্যু

জেলা প্রতিবেদকঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পাগলা নদীতে ডুবে দুইটি শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
মৃত দুই শিশু হলো- শিবগঞ্জ পৌর এলাকার জালমাছমারী মধ্যপাড়া গ্রামের মো. যোবায়ের ইসলামের ছেলে এমরান আলী (৮) ও জিয়াউর রহমানের মেয়ে জুঁই খাতুন (১১)।
স্থানীয়দের বরাত দিয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ জানান, দুপুরের দিকে শিবগঞ্জ পৌর এলাকার পাগলা নদীর তর্ত্তীপুর ঘাটে গোসল শেষে ওঠার সময় পা পিছলে পড়ে যায় জুই ও তার মা। এসময় তাদের সঙ্গে থাকা শিশু এমরানও পড়ে যায়। জুঁইয়ের মা সাঁতরে পাড়ে উঠতে পারলেও শিশু দুইটি পানিতে ডুবে যায়। স্থানীয়রা শিশু দু’টিকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তারা মারা যায়।
ওই স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মো. রবিউল ইসলাম জানান,  হাসপাতালে আনার আগেই ওই দুই শিশুর মৃত্যু হয়।