ক্রীড়া ডেস্ক: ২০১৫ সালের পর টানা তিন মৌসুম চ্যাম্পিয়নস লিগ শিরোপার স্বাদ পায়নি স্পেনের ক্লাব বার্সেলোনা। অন্যদিকে শেষ তিন মৌসুম চ্যাম্পিয়নস লিগ শিরোপা উঠেছে স্পেনের আরেক ক্লাব রিয়াল মাদ্রিদের ঘরে। শেষ তিন মৌসুমেই কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়ে লিওনেল মেসিদের বার্সেলোনা। নক আউট পর্বের বাঁধা টপকাতে না পারায় বেশ হতাশ মেসিরা। বিশেষ করে শেষ তিন মৌসুমে তাদের নক আউট পর্বের পারফরম্যান্স ছিল বেশ বাজে। গত মৌসুমে রোমার বিপক্ষে ৪-১ গোলে এগিয়ে থাকার পর দ্বিতীয় লেগে ৩-০ গোলে ছিটকে পড়ে পিকে, ইনিয়েস্তারা। এর আগের মৌসুমে জুভেন্টাসের বিপক্ষে দুই লেগ মিলিয়ে ম্যাচ হারে ৩-০ ব্যবধানে এবং ২০১৫-১৬ মৌসুমে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা বাদ পড়ে ২-১ এবং ০-২ ব্যবধানে পিছিয়ে থেকে। সব মিলিয়ে চ্যাম্পিয়নস লিগের পাঁচবারের চ্যাম্পিয়নদের শেষ তিন মৌসুমের পারফরম্যান্স বেশ হতাশাজনক। এবার মেসির নেতৃত্বে কি কোয়ার্টার ফাইনাল ‘জুজু’ কাটাতে পারবে বার্সেলোনা? কাতালান ক্লাবটির অধিনায়ক মেসি জানালেন, এবার চ্যাম্পিয়নস লিগের শিরোপা ঘরে তুলবে বার্সেলোনা। কাতালুনিয়ার রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে মেসি বলেছেন,‘আমরা এবার চ্যাম্পিয়নস লিগের শিরোপা চাই। আমরা শেষ তিন বছর কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়ছি এবং শেষ মৌসুমে আমাদের পারফরম্যান্স ছিল সবথেকে বাজে। আমরা রোমে ইতিবাচক ফল নিয়ে গেলেও ভালো খেলতে পারিনি। এবার ভুল করলে চলবে না।’ ‘আমাদেরকে অবশ্যই শিরোপা জিততে হবে। ক্লাবের জন্য, দলের জন্য এবং সমর্থকদের জন্য। আমাদের দলটা দারুণ। এমন দল নিয়ে আমাদের শিরোপার লড়াই করতে হবে।’- যোগ করেন মেসি। চ্যাম্পিয়নস লিগের সাফল্য দীর্ঘদিন ধরেই অধরা মেসির। মেসি নিজেও উপলব্ধি করতে পারছেন পাওনা মেটাতে না পারার তাড়না? এবার সেই ক্ষুধা মেটাতে চান সুপারস্টার মেসি।


