শিষ্যদের সতর্ক করে দিয়েছেন জিদান

ক্রীড়া ডেস্ক: ঘরের মাঠে অ্যাটলেটিকো মাদ্রিদ বরাবরই শক্তিশালী। বিশ্বের যে কোনো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষেও কঠিন হয়ে উঠতে পারে গ্রিজমান ও গডিনরা। নগরপ্রতিদ্বন্দ্বীদের এই সক্ষমতার কথা রিয়ালও জানে। তাই সেমিফাইনালের ফিরতি লেগে তাদের বিপক্ষে সতর্ক থাকতে চান চ্যাম্পিয়নস লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

চ্যাম্পিয়নস লিগে সেমিফাইনালের প্রথম লেগে রোনালদোর হ্যাটট্রিকে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। ফিরতি লেগে ভিসেন্তে ক্যালদেরনে অ্যাটলেটিকোর বিপক্ষে মুখোমুখি হবে তারা। শক্তিশালী নগরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে মাঠে নামার আগে শিষ্যদের সতর্ক করে দিয়েছেন রিয়াল কোচ জিনেদিন জিদান।

হাই-ভোল্টেজ এ ম্যাচের আগে রিয়ালের ড্রেসিংরুমও বেশ সতর্ক রয়েছে বলে জানিয়েছেন দলটির কোচ জিদান। ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের এ আসরে এ পর্যন্ত ১১বার চ্যাম্পিয়ন রিয়াল।গতবারের মতো এবারও শিরোপা ধরে রাখতে প্রস্তুত মাদ্রিদের সেরা ক্লাবটি। ভিসেন্ত ক্যালদেরনে সেমির ফিরতি লেগে জয়ের জন্য নিজের শক্তি ও অভিজ্ঞতার সবটুকু ব্যয় করতে চাইবে রিয়াল।

বৃহস্পতিবার রাত ১২.৪৫ মিনিটে ভিসেন্তে ক্যালদেরনে মাদ্রিদ ডার্বিতে মাঠে নামবে রিয়াল ও অ্যাটলেটিকো।