শেরপুর: শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ব্যাটারিচালিত একটি রিকশা নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালক আব্দুল কাদিরের (৬০) মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্ব) বেলা ১১টার দিকে নালিতাবাড়ী টু ধারা সড়কের গোজাকুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে আব্দুল কাদির ব্যাটারিচালিত রিকশায় দুই জন যাত্রী নিয়ে নালিতাবাড়ী পৌর শহর থেকে গোজাকুড়া যাচ্ছিলেন। পথে তিনি নিয়ন্ত্রণ হারালে রিকশাটি খাদে পড়ে যায়। এ সময় আব্দুল কাদির মাথায় প্রচণ্ড আঘাত পান। যাত্রীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বশির আহাম্মেদ বাদল ও নিহত আব্দুল কাদিরের ছোট ভাই রিকশাচালক আব্দুস সাত্তার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


