শেষটা রাঙানো হয়নি বাংলাদেশের

ক্রীড়া প্রতিবেদক : শ্রীলঙ্কা থেকে সকাল ১১টা ৩০ মিনিটে দেশে ফিরেছে জাতীয় ক্রিকেট দল। নিদাহাস ট্রফিতে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ। ভারতের বিপক্ষে শ্বাসরুদ্ধকর ম্যাচে ৪ উইকেটে হেরেছে সাকিবের দল। প্রাথমিক লড়াইয়েও ভারতের কাছে দু’বার হেরেছিল বাংলাদেশ। বিগ ফাইনালেও বাংলাদেশের ভাগ্য পাল্টায়নি। লড়াই করলেও শেষটা রাঙাতে পারেনি। হাতের মুঠোয় থাকা ম্যাচ বের হয়ে গেছে দিনেশ কার্তিকের ঝোড়ো ইনিংসে।

১৬৭ রান তাড়ায় শেষ ১২ বলে ৩৪ রান লাগতো ভারতের। রুবেলের করা ১৯তম ওভার থেকে ২২ রান তুলে নেন কার্তিক। তাতেই ম্যাচ জমিয়ে তোলে ভারত। শেষ ওভারে সৌম্য লড়াই করেছিলেন শেষ বল পর্যন্ত। কিন্তু শেষ বলে কার্তিকের ছক্কায় কপাল পুড়ে বাংলাদেশের। শিরোপা না পাওয়ার অতৃপ্তি নিয়ে দেশে ফিরলেও বাংলাদেশের অর্জনও কম নয়।

নিদাহাস ট্রফির আগে বাংলাদেশের পারফরম্যান্স ছিল বাজে। আত্মবিশ্বাস ছিল তলানিতে। সাকিব শুরু থেকে না থাকায় মনোবলেও ছিল ঘাটতি। কিন্তু স্বাগতিক শ্রীলঙ্কাকে দু’বার হারিয়ে দেয় টাইগাররা। স্রোতের বিপরীতে লড়াই করে বাংলাদেশ পেয়েছিল অসাধারণ এক জয়। প্রথমে মুশফিক পরে মাহমুদউল্লাহ দিয়েছিলেন আরাধ্য জয়ের স্বাদ।

সব মিলিয়ে ফাইনালের আগে চনমনে ছিল বাংলাদেশ। কিন্তু শেষটা রাঙানো হয়নি বাংলাদেশের। ফাইনাল জুজু আরেকবার ভর করেছে টাইগার শিবিরে। ভারতের বিপক্ষে ফাইনালের আাগে আরও চারবার ফাইনাল খেলেছে বাংলাদেশ। শুরুটা ২০০৯ সালে শ্রীলঙ্কার বিপক্ষে। এরপর ২০১২ ও ২০১৬ সালে এশিয়া কাপ এবং চলতি বছরের শুরুতে ত্রিদেশীয় সিরিজ। আর. প্রেমাদাসায় গতকাল যোগ হল আরেকটি শোকগাথা।