শেষ আটের পথে রিয়াল

ক্রীড়া ডেস্ক : কোপা দেল’রের ম্যাচে একই রাতে সেল্টা ভিগোর জয় বঞ্চিত হয়েছে রিয়ালের চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব বার্সেলোনা। তবে প্রতিপক্ষের মাঠ নুয়েভো এস্তাদিও লস পাজারিওতোসে দাপুটে জয় নিয়েই ফিরেছে তারা। নুমানসিয়ার বিপক্ষে রিয়ালের জয়ে একটি করে গোল পান গ্যারেথ বেল, ইস্কো ও বোরজা মায়োরাল।

বছরের প্রথম ম্যাচে বড় জয় দিয়ে শুরু করছে স্প্যানিশ জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদ। কোপা দেল’রের শেষ ষোলোর প্রথম লেগে নুমানসিয়ার বিপক্ষে ৩-০ ব্যবধানের গোলে কোয়ার্টার ফাইনালের পথে এক পা দিয়ে রাখল জিনেদিন জিদানের দলটি।

ম্যাচের ৩৫ মিনিটে রিয়ালকে এগিয়ে দেন বেল। স্বাগতিক খেলোয়াড় কার্লোস গনসালেস রিয়ালের লুকাস ভাসকেসকে ফাউল করলে স্পট কিকের নির্দেশ দেন রেফারি। এসময় সফল পেনাল্টিতে রিয়ালকে এগিয়ে নেন ওয়েলশ তারকা বেল। ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিশ্রামে যায় রিয়াল।

বিশ্রাম শেষে ম্যাচের ৭৪তম মিনিটে ইসকোকে বদলি হিসেবে নামান জিদান। প্রতি-আক্রমণ থেকে সমতা ফেরানোর আশা জাগায় স্বাগতিকরা। ৭৭তম মিনিটে ইনিগো পেরেসের শট ক্রসবারে লেগে বাইরে গেলে বেঁচে যায় রিয়াল। কার্লোস গুতিয়ারেস ভাসকেসকে ডি-বক্সে ফাউল করলে আবার পেনাল্টি পায় রিয়াল।

ম্যাচের ৮৯তম মিনিটে এবার সফল পেনাল্টি থেকে ব্যবধান বাড়ান ইসকো। যোগ করা সময়ের প্রথম মিনিটে আশরাফ হাকিমির দারুণ ক্রসে খুব কাছ থেকে হেড করে দলের তৃতীয় গোলটি করেন মায়োরাল। আর গোল না হওয়ায় ৩-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে লস ব্লাঙ্কোসরা।