ক্রীড়া ডেস্ক : শেষ ওভারে জয়ের জন্য সানরাইজার্স হায়দরাবাদের দরকার ছিল ১৩ রান, হাতে ৪ উইকেট। বোলিংয়ে রাইজিং পুনে সুপারজায়ান্টের জয়দেব উনাডকট। বাঁহাতি পেসারের প্রথম বল থেকে কোনো রান নিতে পারলেন না বিপুল শর্মা। পরের বলে তিনি বেন স্টোকসকে ক্যাচ দিয়ে ফিরলেন। তৃতীয় বলে জয়দেব রশিদ খানকে ফেরালেন নিজের ফিরতি ক্যাচে। চতুর্থ বলে ভুবনেশ্বর কুমার ক্যাচ দিলেন মনোজ তিওয়ারিকে, হ্যাটট্রিক! জয়দেব শেষ দুটি বলও দিলেন ডট, হ্যাটট্রিক মেডেন!
টি-টোয়েন্টি ক্রিকেটে শেষ ওভারটি হ্যাটট্রিক মেডেনের ঘটনা আর আছে কি না, সেটা গবেষণার বিষয়! আইপিএলে অবশ্য হ্যাটট্রিক মেডেনের দুটি ঘটনা আছে। তবে তার একটাও শেষ ওভারে নয়। এবারের আইপিএলেই দলের তৃতীয় আর নিজেদের দ্বিতীয় ওভারে হ্যাটট্রিক মেডেন নিয়েছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ক্যারিবীয় স্পিনার স্যামুয়েল বদ্রি। ২০১৫ আইপিএলে ইনিংসের ১৯তম ওভারে এমনটা করে দেখিয়েছিলেন মুম্বাই ইন্ডিয়ান্সের শ্রীলঙ্কান পেসার লাসিথ মালিঙ্গা। সব মিলিয়ে আইপিএল ইতিহাসের ১৭তম হ্যাটট্রিকটা করলেন জয়দেব।
শেষ ওভারে তিন বলে তিন উইকেট নিয়ে আইপিএলে উইকেটের সেঞ্চুরিও করেছেন জয়দেব। ৪ ওভারে ৩০ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন। আইপিএলে এই নিয়ে দ্বিতীয়বার ইনিংসে পাঁচ উইকেট পেলেন ভারতের হয়ে একটি টেস্ট খেলা বাঁহাতি পেসার। আইপিএলে দুটি পাঁচ উইকেট-কীর্তি আছে আর কেবল অস্ট্রেলিয়ান পেসার জেমস ফকনারের।
হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে জয়দেবের হ্যাটট্রিকের দিনে শনিবার স্বাগতিক দলকে ১২ রানে হারিয়েছে পুনে। এবারের আইপিএলে এই প্রথম ঘরের মাঠে হায়দরাবাদ। এই জয়ে কলকাতা নাইট রাইডার্সকে টপকে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে গেছে পুনে।
১৪৯ রান তাড়ায় হায়দরাবাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নার, শিখর ধাওয়ান ও যুবরাজ সিং ছাড়া আর কেউ দুই অঙ্কই ছুঁতে পারেননি। ৪৩ বলে ৪ চার ও ২ ছক্কার সর্বোচ্চ ৪৩ রান যুবরাজের। দুই ওপেনার ওয়ার্নার ৪০ ও ধাওয়ান করেন ১৯ রান।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে পুনে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে করেছিল ১৪৮ রান। ২৫ বলে ৩ ছক্কা ও এক চারে সর্বোচ্চ ৩৯ রান বেন স্টোকসের। ইংলিশ অলরাউন্ডার পরে বল হাতেও নিয়েছেন ৩ উইকেট। অধিনায়ক স্টিভেন স্মিথ করেন ৩৪, মহেন্দ্র সিং ধোনির ব্যাট থেকে আসে ৩১ রান। তবে শেষ ওভারে হাটট্রিক করে সব আলো কেড়ে নিয়েছেন জয়দেব।


