ক্রীড়া ডেস্ক: আবুধাবিতে দিনের শুরুটা ছিল পাকিস্তানের। কিন্তু শেষ দিকের প্রতিরোধে স্বস্তিতে শ্রীলঙ্কা। প্রথম টেস্টের প্রথম দিনভাগাভাগি করেছে দুই দল।
টস জিতে ব্যাটিং করতে নেমে ৪ উইকেটে ২২৭ রান তুলে দিন শেষ করে শ্রীলঙ্কা। অধিনায়ক দিনেশ চান্দিমাল ৬০ ও উইকেট রক্ষক ব্যাটসম্যান নিরোশান ডিকভেলা ৪২ রানে অপরাজিত রয়েছেন। পঞ্চম উইকেট জুটিতে এ দুই ব্যাটসম্যান যোগ করেছেন ৬৬ রান।
দিনের শুরুতে দাপট দেখায় পাকিস্তান। প্রথম সেশনে লঙ্কানদের ৩ উইকেট তুলে নেয় সরফরাজ আহমেদের দল। পেসার হাসান আলী প্রথমে ব্রেক থ্রু এনে দেন। ১২ রানে বোল্ড হন কুশল সিলভা। দলীয় ৩৫ রানে লেগ স্পিনার ইয়াসির শাহর বলে এলবিডব্লিউ হন লাহিরু থিরিমান্নে। এ উইকেট নিয়ে দ্রুততম স্পিনার হিসেবে টেস্ট ক্রিকেটে ১৫০ উইকেট নেয়ার কীর্তি গড়েন ইয়াসির । বিরতির আগে শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হন কুশল মেন্ডিস। ইয়াসিরের বলে উইকেটের পিছনে ক্যাচ দেন ১০ রান করা মেন্ডিস।
চতুর্থ উইকেটে ১০০ রানের জুটি গড়েন দিমুথ করুনারত্নে ও দিনেশ চান্দিমাল। সেঞ্চুরির পথে ছিলেন লঙ্কান ওপেনার করুনারত্নে। কিন্তু সেঞ্চুরি থেকে ৭ রান দূরে রান আউটের শিকার বাঁহাতি ওপেনার। মোহাম্মদ আব্বাসের থ্রোতে স্ট্যাম্প ভাঙেন সরফরাজ আহমেদ।
দ্বিতীয় সেশনে ১ উইকেট হারানোর পর দিনের শেষ পর্যন্ত আর কোনো উইকেট হারায়নি লঙ্কানরা। চান্দিমাল ও ডিকভেলা দেখেশুনে খেলে ভালোভাবেই দিন শেষ করেছেন।


